অপ্রতিম হত্যা স্তব্ধ , সব শিশুদের নিরাপদ শৈশবের দাবি জানাল অপূর্ব
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে অপূর্ব লেখেন, নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার অধিকার প্রতিটি শিশুরই রয়েছে। কিন্তু একের পর এক শিশুর ওপর নৃশংসতার ঘটনা সমাজ ও মানুষের বিবেককে নাড়া দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
শিশুদের ওপর নৃশংসতা বন্ধে সামাজিকভাবে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ শৈশব নিশ্চিত করার দাবি তুলেছেন এই অভিনেতা।
সাম্প্রতিক শিশু হত্যার ঘটনাগুলো তাকে একজন বাবা ও দেশের নাগরিক হিসেবে গভীরভাবে স্তব্ধ করেছে বলে জানান অপূর্ব। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অভিভাবকদেরও সন্তানদের বিষয়ে আরও সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন এই অভিনেতা। তার মতে, বাড়তি সতর্কতা এবং নিয়মিত নজরদারি অনেক সময় বড় ধরনের বিপদ থেকে শিশুদের রক্ষা করতে পারে। ঘর কিংবা বাইরের পরিবেশ—সব জায়গাতেই শিশুদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান তিনি।
শিশু হত্যার মতো ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানিয়েছেন অপূর্ব। তার মতে, শিশুদের জন্য একটি নিরাপদ দেশ ও সমাজ গড়ে তোলাই সবার অন্যতম বড় দায়িত্ব।
Comments