রাজ-মিমির ‘তাণ্ডব’ নিয়ে যা বললেন শুভশ্রী
প্রায় এক যুগ পর আবারও নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার নতুন সিনেমা 'তাণ্ডব'-এ অভিনয় করবেন তিনি।
সম্প্রতি অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ঘোষণা দিয়েছেন।
অভিনেত্রী নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে 'তাণ্ডব' লেখা একটি ক্ল্যাপস্টিকের ছবি শেয়ার করেন। ছবির সঙ্গে তিনি শুধু লেখেন, '#Tandav'। এরপর থেকেই সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।
সিনেমাটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন রাজ চক্রবর্তীর স্ত্রী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মিমির পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে শুভশ্রী লেখেন, 'সুপার হ্যাপি'।
ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, 'তাণ্ডব' সিনেমায় মিমিকে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যেতে পারে। তবে সিনেমার গল্প, চরিত্র কিংবা অন্যান্য অভিনয়শিল্পী সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে রাজ চক্রবর্তীর পরিচালনায় 'বোঝে না সে বোঝে না', 'প্রলয়' ও 'যোদ্ধা'সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন মিমি। নির্মাতার সঙ্গে তার সর্বশেষ কাজ ছিল 'কাটমুণ্ডু'। এরপর দীর্ঘ সময় রাজের পরিচালনা বা প্রযোজনা সংস্থার কোনো সিনেমায় দেখা যায়নি এই অভিনেত্রীকে।
দীর্ঘ বিরতির পর রাজ-মিমির এই নতুন জুটি পর্দায় কেমন চমক নিয়ে আসে, এখন সেটিই দেখার অপেক্ষা।
Comments