বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা
ভিয়েতনামের নান্দনিক শহর না ট্রাংয়ে বসেছিল মিস ওয়ার্ল্ড ২০২৬-এর জমকালো গ্র্যান্ড ফিনালে। বিশ্বের শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে এবারের বিশ্বসুন্দরীর মুকুট জিতে নিয়েছেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা।
গ্র্যান্ড ফিনালের মঞ্চে বিদায়ী মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি নতুন বিজয়ীর মাথায় পরিয়ে দেন সেরার মুকুট।
চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেনেস। দ্বিতীয় রানার-আপের মুকুট পেয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া শেঠি। ভিয়েতনামের খান হোয়া প্রদেশের পর্যটননগরী না ট্রাংয়ে আয়োজিত এবারের আসরে সৌন্দর্যের পাশাপাশি প্রতিযোগীদের মেধা, ব্যক্তিত্ব ও সমাজসেবামূলক কাজও গুরুত্ব পেয়েছে।
চূড়ান্ত ছয়ে জায়গা করে নেওয়া প্রতিযোগীদের মধ্যে ছিলেন ইরিত্রিয়ার স্নিথ হাবতেয়াব, স্পেনের এলিসাবেথ রেনেস, মালয়েশিয়ার তানুসিয়া শেঠি, ভিয়েতনামের লে নগুয়েন বাও এনগোক, ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা এবং দক্ষিণ আফ্রিকার রোমান্দা হোমবির।
১৯৫১ সালে যুক্তরাজ্যে এরিক মরলির উদ্যোগে শুরু হয় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। দীর্ঘদিন ধরে এটি বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা হিসেবে পরিচিত। এখানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, প্রতিযোগীদের ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডও মূল্যায়ন করা হয়।
এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১১১ জন প্রতিযোগী অংশ নেন। তাদের আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবিয়ান, ইউরোপ এবং এশিয়া ও ওশেনিয়া—এই চারটি অঞ্চলে ভাগ করা হয়। বিভিন্ন প্রাথমিক চ্যালেঞ্জের ফলাফলের ভিত্তিতে প্রথমে ৪০ জনকে কোয়ার্টার ফাইনালের জন্য বাছাই করা হয়। এরপর পর্যায়ক্রমে শীর্ষ ২০ ও শীর্ষ ১২ নির্বাচন করা হয়। সবশেষে সেখান থেকে ছয়জনকে নিয়ে হয় চূড়ান্ত লড়াই।
এবারের আসরে কয়েকটি দেশ প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ডের মঞ্চে অংশ নেয়। এর মধ্যে ছিল ফ্রেঞ্চ গায়ানা, ইরিত্রিয়া, মোজাম্বিক, পাকিস্তান ও মালদ্বীপ। তবে ব্যক্তিগত ও প্রযুক্তিগত কারণে শেষ মুহূর্তে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান ইকুয়েডরের সামান্থা কুয়েনেদিত, আর্মেনিয়ার মনিকা হারুতজুনজান এবং টোগোর নাদিরাতু আফোলাবি।
মিস ওয়ার্ল্ড ২০২৬-এর সফল সমাপ্তির পর পরবর্তী আসরের আয়োজক দেশের নামও ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতার ৭৪তম সংস্করণ অনুষ্ঠিত হবে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায়।
Comments