দীর্ঘ বিরতি শেষে সিনেমায় ফিরছেন বাপ্পারাজ
দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় দেখা যাবে চিত্রনায়ক বাপ্পারাজকে। ২০১৮ সালে মুক্তি পাওয়া 'পোড়ামন ২' সিনেমার পর থেকে রূপালি পর্দায় নিয়মিত ছিলেন না এই অভিনেতা। এর মধ্যে কয়েকটি ওয়েব ও চলচ্চিত্রের কাজে যুক্ত হলেও সেগুলো এখনো মুক্তি পায়নি।
এবার মোহাম্মদ ইকবালের পরিচালনায় নির্মিতব্য 'গুলশানের চামেলি' সিনেমার মাধ্যমে পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন বাপ্পারাজ। বিষয়টি জানিয়েছেন সিনেমাটির নির্মাতা।
এর আগে আগস্টের শুরুতে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে 'গুলশানের চামেলি' সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সিনেমাটির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের। একই সিনেমায় দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন চিত্রনায়ক আমিন খান।
তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করবেন রোজিনা, ওমর সানী ও আজমেরী হক বাঁধন। এবার সেই তালিকায় যুক্ত হলেন বাপ্পারাজ।
সিনেমাটিতে বাপ্পারাজের চরিত্র কী ধরনের, সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি নির্মাতা মোহাম্মদ ইকবাল। তিনি জানান, গল্প ও চরিত্রের প্রয়োজনীয়তা বিবেচনা করেই বাপ্পারাজকে সিনেমাটির জন্য নির্বাচন করা হয়েছে।
রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের আড়ালে থাকা অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে 'গুলশানের চামেলি'। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার। প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত হবে এটি।
নির্মাতা জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বরেই সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর আগামী বছরের যেকোনো একটি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
Comments