দেশে ফিরে নেপালের ভয়াবহ দুর্যোগের অভিজ্ঞতা জানাল অপু বিশ্বাস
নেপালে হড়পা বান ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বড় ধরনের বিপদের আশঙ্কা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। 'শিকার' সিনেমার শুটিং করতে নেপালে থাকা অপু বিশ্বাসসহ পুরো ইউনিট নিরাপদে দেশে ফিরেছে।
শুক্রবার (২৮ আগস্ট) ঢাকায় ফিরে নেপালে কাটানো ভয়াবহ সময়ের অভিজ্ঞতা গণমাধ্যমের কাছে তুলে ধরেন অপু বিশ্বাস।
অভিনেত্রী জানান, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই থেকে তিন ঘণ্টার দূরত্বে একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটে। অথচ পরদিন ২৭ আগস্ট ওই একই পথ ব্যবহার করেই তাদের ফেরার পরিকল্পনা ছিল।
অপু বিশ্বাস বলেন, মাত্র এক দিনের ব্যবধানে বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছে তাদের শুটিং দল। যে সড়ক দিয়ে তাদের কাঠমান্ডু ফেরার কথা ছিল, দুর্যোগের কারণে সেটি কয়েক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় নেপালে শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে পুরো ইউনিট। অপু বিশ্বাসের মতে, যখন স্থানীয় মানুষ ভয়াবহ দুর্যোগে দুর্ভোগের মধ্যে রয়েছেন, তখন সেখানে গানের দৃশ্যের শুটিং চালিয়ে যাওয়া সংবেদনশীলতার দিক থেকে ঠিক হতো না।
পরে ইউনিটের সদস্যদের সঙ্গে আলোচনা করে শুটিং সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর নিরাপদে দেশে ফেরেন তারা।
'শিকার' সিনেমার শুটিংয়ের জন্য কয়েকদিন ধরে নেপালে অবস্থান করছিলেন অপু বিশ্বাস ও তার সহশিল্পীরা। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন কলকাতার অভিনেতা খরাজ মুখার্জি।
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানির খবর প্রকাশের পর থেকেই অপু বিশ্বাসসহ শুটিং ইউনিটের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। এর আগে কলকাতায় ফিরে খরাজ মুখার্জিও জানিয়েছিলেন, তারা নিরাপদে ছিলেন। এবার ঢাকায় ফিরে একই ঘটনার বিস্তারিত অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস।
Comments