‘ভয় দেখিয়ে লাভ হবে না’, হুঁশিয়ারি বাঁধনের
পরিচালক মোহাম্মদ ইকবালের 'গুলশানের চামেলি' সিনেমায় অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। সিনেমাটিতে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাকে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিকর পোস্ট এবং ব্যক্তিগত মোবাইল নম্বর ছড়িয়ে দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী।
বাঁধনের দাবি, 'মারুফ খান মুন্না' নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে লক্ষ্য করে এসব করা হয়েছে। ওই পোস্ট ও মন্তব্যের কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে বিষয়টি নিয়ে একটি পোস্ট দেন অভিনেত্রী। সেখানে তিনি অনলাইনে নারীদের হয়রানি এবং ব্যক্তিগত তথ্য প্রকাশের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
তিনি লেখেন, কোনো রাজনৈতিক দল নারীদের নিরাপত্তার কথা বললেও একই সময়ে তাদের সমর্থকদের কেউ যদি অনলাইনে নারীদের হয়রানি ও আক্রমণ করে, তাহলে সেটি বড় ধরনের বৈপরীত্য। তার দাবি, সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার ব্যক্তিগত মোবাইল নম্বরও প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে।
ব্যক্তিগত মোবাইল নম্বর অনুমতি ছাড়া প্রকাশ করা শুধু হয়রানির পর্যায়ে পড়ে না, এটি শাস্তিযোগ্য অপরাধ বলেও উল্লেখ করেন অভিনেত্রী। ভয় দেখানো, আতঙ্ক তৈরি কিংবা তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করলে এর পরিণতি ভোগ করতে হতে পারে এমন সতর্কবার্তাও দেন তিনি।
নিজেকে সহজে ভয় দেখিয়ে পিছু হটানো সম্ভব নয় জানিয়ে বাঁধন বলেন, তাকে আতঙ্কিত করতে হলে আরও অনেক দূর যেতে হবে। একই সঙ্গে নিজের অতীতের মানসিক সংগ্রামের কথাও তুলে ধরেন তিনি।
অভিনেত্রী জানান, জীবনের বিভিন্ন সময়ে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, যখন মনে হয়েছে সবকিছু হয়তো শেষ হয়ে যাচ্ছে। তবে থেরাপি ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে নিজেকে সামলে নিয়েছেন তিনি। তার ভাষ্য, ক্ষমতা কিংবা প্রতিহিংসা যেন তাকে অমানবিক করে না তোলে, সে কারণেই নিজের প্রতি যত্ন নেওয়ার চেষ্টা করেছেন।
শেষে নিজের অবস্থান স্পষ্ট করে বাঁধন বলেন, ভয় দেখিয়ে তাকে খুব একটা প্রভাবিত করা যাবে না। কড়া ভাষায় তিনি আরও জানান, তাকে নিয়ে যা ইচ্ছা বলা বা করা হলেও তিনি সহজে দমে যাবেন না।
Comments