দীর্ঘ বিরতির পর রোমের মঞ্চে ফিরছেন জেমস
দীর্ঘ ১২ বছর পর ইতালির রাজধানী রোমে আবারও কনসার্টে গান গাইতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় রকশিল্পী ও 'নগরবাউল'খ্যাত জেমস। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
বুধবার (১২ আগস্ট) আসন্ন কনসার্ট উপলক্ষে রোমের একটি অভিজাত হোটেলে আয়োজন করা হয় গেট টুগেদার ও সংবাদ সম্মেলনের। আয়োজক হোসাইন আহমেদ মোয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালিতে কর্মরত বাংলাদেশি সাংবাদিক, বিভিন্ন স্পন্সর এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় সাংবাদিক ও অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেমস।
দীর্ঘ বিরতির পর রোমের দর্শকদের সামনে গান পরিবেশনের সুযোগ পাওয়ায় নিজের আনন্দ ও উচ্ছ্বাসের কথা জানান এই জনপ্রিয় শিল্পী। কনসার্টের প্রস্তুতি সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধাভরে স্মরণ করেন জেমস। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের ভালোবাসা ও সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মের শিল্পীরা বাংলা গান ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবেন—এটাই তার প্রত্যাশা।
এদিকে জেমসের রোম সফরকে কেন্দ্র করে ইতালির বাংলাদেশি কমিউনিটিতে শুরু হয়েছে উৎসবের আবহ। প্রিয় শিল্পীর জনপ্রিয় গানগুলো সরাসরি উপভোগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সংগীতপ্রেমীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শকদের জন্য একটি স্মরণীয় সংগীতসন্ধ্যা উপহার দিতে কনসার্টের প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
Comments