বিশ্বসুন্দরী অ্যান হ্যাথাওয়ে: ৪১-এ পৌঁছে পেলেন জীবনের আসল মানে
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে ২০২৬ সালে 'পিপল' ম্যাগাজিনের জরিপে বিশ্বের সবচেয়ে সুন্দর নারী হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে এই স্বীকৃতি কেবল তাঁর বাহ্যিক রূপের জন্য নয়, বরং তাঁর আত্মবিশ্বাস এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির এক অনন্য জয়।
ক্যারিয়ারের শুরুতে নিজেকে কঠোর শাসনের মধ্যে রাখতেন এই অস্কারজয়ী তারকা। একসময় তিনি বিশ্বাস করতেন, নিজেকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করলেই সেরা কাজ দেওয়া সম্ভব। তবে চল্লিশে পা দেওয়ার পর তাঁর এই ধারণা পুরোপুরি বদলে গেছে। এখন তিনি নিখুঁত হওয়ার ইঁদুর দৌড়ে না দৌড়ে বরং জীবনকে উপভোগ করার দিকেই বেশি মনোযোগী। তাঁর ভাষায়, "অস্বস্তিকর জীবন আর নয়, আমি এখন কেবল মজার অংশটুকু উপভোগ করতে চাই।"
২০০১ সালে 'দ্য প্রিন্সেস ডায়েরিজ' দিয়ে শুরু করে 'লা মিজারেবলস'-এর জন্য অস্কার জয়—অ্যান হ্যাথাওয়ের যাত্রাটা ছিল সাফল্যের রঙে রাঙানো। ২০২৬ সালটি তাঁর জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এ বছর তাঁর পাঁচটি সিনেমা মুক্তি পাচ্ছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো 'দ্য ডেভিল ওয়ারস প্রাডা ২'। প্রায় দুই দশক পর অ্যান্ডি স্যাকস চরিত্রে তাঁর ফিরে আসা দর্শকদের মাঝে ব্যাপক নস্টালজিয়া তৈরি করেছে।
জীবন ও সৌন্দর্য নিয়ে তার নতুন দর্শন: স্বামী অ্যাডাম শুলমান এবং দুই সন্তানকে নিয়ে তাঁর ১৩ বছরের সুখী দাম্পত্য জীবনই তাঁর জীবনের সবচেয়ে বড় ভরসা। অ্যানে মনে করেন, সৌন্দর্যের মধ্যে অপূর্ণতা বা কুৎসিততাও থাকতে পারে, যদি সেখানে সত্য লুকিয়ে থাকে। চল্লিশের পর জীবনের ছোটখাটো সমস্যাগুলো তাঁকে আর বিচলিত করে না। তিনি এখন অনেক বেশি শান্ত ও স্থির।
মাত্র তিন বছর বয়সে মায়ের অভিনয় দেখে অভিনেত্রী হওয়ার স্বপ্ন বুনেছিলেন তিনি। অথচ এক সময় কথা বলতেও আড়ষ্টতা বোধ করতেন। নিজের স্টাইল বা লুক বুঝতেও তাঁর লেগে গেছে প্রায় এক দশক। আজ সেই মেয়েটিই বিশ্বমঞ্চে নিজের মেধা আর সৌন্দর্যের দ্যুতি ছড়াচ্ছেন।
অ্যান হ্যাথাওয়ের এই রূপান্তর কেবল গ্ল্যামার দুনিয়ার গল্প নয়, এটি নিজের সীমাবদ্ধতাকে জয় করে নিজেকে ভালোবাসার এক অনুপ্রেরণামূলক আখ্যান।
Comments