কাঁঠালিয়ায় মাঠে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
ঝালকাঠির কাঁঠালিয়া মাঠে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন খান (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মো. হারুন খানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছের রায়হান।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বৃষ্টির মধ্যে নিজের জমিতে ধানের চারা রোপণ করছিলেন দেলোয়ার হোসেন। দুপুরের দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাড়িতে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. শাহিন খান বলেন, মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দেলোয়ারের মৃত্যু হয়েছে। তিনি অত্যন্ত পরিশ্রমী মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাঁঠালিয়া থানার ওসি মোঃ নাছের রায়হান বলেন, একজন সাংবাদিকের মাধ্যমে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Comments