ঝালকাঠিতে ২ দফা দাবিতে গণপূর্ত কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ
চাকরি নিয়মিতকরণ, আদালতের রায় বাস্তবায়ন এবং আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে রাজস্ব খাতে নিয়োগসহ দুই দফা দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৬৪৭), ঝালকাঠি জেলা কমিটি।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় ঝালকাঠি গণপূর্ত ভবন চত্বরে এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মী ও কর্মচারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন শাখায় দৈনিক ভিত্তিক ও ভাউচার কর্মচারীরা দায়িত্ব পালন করে আসছেন। বছরের পর বছর কাজ করলেও তাদের চাকরি নিয়মিতকরণ করা হচ্ছে না। এ অবস্থায় চাকরি নিয়মিতকরণ এবং এ সংক্রান্ত আদালতের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। কর্মসূচিতে বক্তব্য দেন মো. নুর আলম, আব্দুল বারেক (ইএম শাখা), প্লাম্বার শাখার আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলীর গাড়িচালক মো. রফিকুল ইসলাম, মৃত শাহজাহান শিকদারের স্ত্রী বিউটি বেগম এবং প্যারালাইজড শাহ আলম শিকদারের কন্যা তাসনুবা আক্তার।
বক্তারা আরও বলেন, গণপূর্ত অধিদপ্তরে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মচারী নিয়োগের প্রথা বিলুপ্ত করতে হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ না দিয়ে সরাসরি গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে কর্মচারীদের নিয়োগ দিয়ে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন গণপূর্ত অধিদপ্তরের এসব কর্মচারী। তাদের দ্রুত রাজস্ব খাতে অন্তর্ভুক্তিসহ দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। পরে সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে গণপূর্ত ভবন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা কমিটির নেতৃবৃন্দসহ গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন শাখার কর্মচারীরা অংশ নেন।
Comments