হজ নিবন্ধনের কর্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশি হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
এ বিষয়ে গত ৯ সেপ্টেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধনের তথ্য উল্লেখ করা হয়েছে।
গত ২৭ জুলাই থেকে এবারের হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নিবন্ধন শেষে বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। এরপর চূড়ান্ত তালিকার ভিত্তিতে সৌদি আরবের পর্বের অর্থ পাঠানো, স্বাস্থ্য পরীক্ষা, ভিসা আবেদন, টিকাদান ও হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
Comments