মাদারীপুরে ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা
মাদারীপুর সদর উপজেলার মসজিদের ইমামের শোবার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিস্ফোরণে ঘরের টিনের বেড়া উড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়িতে এ ঘটনা ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মসজিদের ইমাম মোহাম্মদ আকাশ দুই দিন আগে ছুটিতে বাড়িতে চলে যান। এরপর থেকে তার থাকার কক্ষটি তালাবদ্ধ ছিল। কক্ষটির চাবি মসজিদ কমিটির কয়েকজন সদস্যের কাছে থাকত। বিকালে আসরের নামাজ শেষে সবাই বাড়ি ফিরে যান।
এর কিছুক্ষণ পরই তালাবদ্ধ কক্ষের ভেতর থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখা যায়, বিস্ফোরণের কারণে কক্ষটির টিনের চালার একটি অংশ উড়ে গেছে। বেড়ারও ক্ষতি হয়েছে। ঘরের ভেতরে থাকা বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মারামারি করার পরিকল্পনা থেকে মসজিদের ভিতরে বোমা রাখা হয় বলে ধারণা করা হচ্ছে। মসজিদ পবিত্র স্থান, সেখানে যদি এগুলো রাখা হয়, তাইলে তারা তো মানুষ নামে পশু।
অভিযোগ অস্বীকার করে হাকিম আকন বলেন, "মসজিদের মতো পবিত্র স্থানে কে বা কারা বোমা রেখেছে, আমরা জানি না। মসজিদটি আমাদের। আমাদের ফাঁসানোর জন্য কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানাই।"
মসজিদ কমিটির সদস্য মালেক আকন বলেন, "ইমামের থাকার কক্ষে কে বা কারা বিস্ফোরক রেখেছে, সেটা আমরা জানি না। নামাজরত অবস্থায় থাকলে যদি বোমাটি বিস্ফোরিত হতো, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তদন্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানাই।"
ওসি আবুল কালাম আজাদ বলেন, বিস্ফোরণে ঘরের টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
ওসি জানান, ঘটনাস্থল থেকে পাওয়া আলামত ও বিস্ফোরণের ধরণ পর্যালোচনা করে ঘটনার প্রকৃত কারণ বের করার চেষ্টা চলছে।
Comments