BYD-এর সিকেডি প্রকল্পে প্রেফারেন্স শেয়ার ইস্যুতে ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার গ্রীন ডেল্টা ক্যাপিটাল
বিওয়াইডির সঙ্গে যৌথভাবে বাংলাদেশে বৈদ্যুতিক ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির প্রকল্প বাস্তবায়নে ২ হাজার ৫০০ মিলিয়ন টাকা (২৫০ কোটি টাকা) পর্যন্ত মূলধন সংগ্রহের জন্য গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডকে ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে নিয়োগ দিয়েছে রানার অটোমোবাইলস পিএলসি।
২৫ আগস্ট ২০২৬ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে একটি চুক্তি সই হয়।
রানার অটোমোবাইলস বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল নির্মাতা বিওয়াইডি (BYD)-এর সঙ্গে কাজ করছে। বাংলাদেশের ক্রমবর্ধমান বৈদ্যুতিক গাড়ির বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার পাশাপাশি দেশে বিওয়াইডির গাড়ি স্থানীয়ভাবে সংযোজনের (CKD) দিকে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।
এই ম্যান্ডেটের আওতায় প্রস্তাবিত প্রেফারেন্স শেয়ার ইস্যুর কাঠামো নির্ধারণ ও বাস্তবায়নে রানার অটোমোবাইলসকে পরামর্শ দেবে গ্রীন ডেল্টা ক্যাপিটাল। একই সঙ্গে প্রয়োজনীয় মূলধন সংগ্রহের পুরো প্রক্রিয়ায় নেতৃত্ব দেবে প্রতিষ্ঠানটি।
প্রস্তাবিত অর্থায়নের মাধ্যমে বিওয়াইডির সিকেডি প্রকল্পকে ঘিরে রানারের বিনিয়োগ ও সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে। এর মধ্যে প্রয়োজনীয় উৎপাদন সুবিধা, বিস্তৃত পরীক্ষামূলক কার্যক্রম এবং পরিচালন সক্ষমতা গড়ে তোলার বিষয়ও রয়েছে।
বাংলাদেশের অটোমোবাইল বাজারে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির চাহিদা ধীরে ধীরে বাড়ছে। পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থাকে উৎসাহিত করতে ভোক্তাদের আগ্রহের পাশাপাশি বিভিন্ন নীতিগত উদ্যোগও এ বাজারের বিকাশে ভূমিকা রাখছে। দেশে বিওয়াইডির গাড়ি স্থানীয়ভাবে সংযোজনের ফলে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের নতুন ও আধুনিক বিওয়াইডি গাড়ি ব্যবহারের সুযোগ তৈরি হবে।
রানার অটোমোবাইলস ও গ্রীন ডেল্টা ক্যাপিটালের এই চুক্তির মধ্য দিয়ে প্রস্তাবিত প্রেফারেন্স শেয়ার ইস্যুর অর্থায়ন প্রক্রিয়া শুরু হলো। তবে পুরো লেনদেনটি প্রয়োজনীয় নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হবে।
Comments