পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের
দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা, বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী মহল পরিস্থিতি উসকে দিয়ে দেশের এই প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প খাতকে ধ্বংসের পাঁয়তারা করছে। এই পরিস্থিতিতে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
আজ সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, পোশাকশিল্পে দীর্ঘদিন ধরে অস্থিরতা অব্যাহত রয়েছে এবং এর মধ্যেই বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। কোনো মালিক বা শ্রমিক—কেউই নিজের শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন না। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, কোনো সচেতন শ্রমিক এ ধরনের ধ্বংসাত্মক কাজের সঙ্গে জড়িত নন।
তিনি আরও বলেন, ইতিমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। সামনে শীত মৌসুমকে কেন্দ্র করে পোশাকশিল্পে রপ্তানি ও ব্যবসার যে বড় সম্ভাবনা তৈরি হয়, তা ভণ্ডুল করার পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কি না—সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
এই সংকটময় পরিস্থিতিতে দেশের স্বার্থে মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির।
Comments