ছয় মাসে ৮ হাজার ১০ কোটি টাকার জ্বালানি তেল আমদানি করবে সরকার
২০২৭ সালের প্রথম ছয় মাসের চাহিদা পূরণে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। চারটি প্যাকেজের আওতায় ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন আমদানিতে মোট ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা।
বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে মোট ১ লাখ ৫০ হাজার টন ডিজেল, ৩ লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল এবং ১ লাখ ২৫ হাজার টন অকটেন আমদানি করা হবে। এর মধ্যে তিনটি প্যাকেজের তেল সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেড এবং একটি প্যাকেজের অকটেন সরবরাহ করবে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।
প্যাকেজভিত্তিক আমদানির বিবরণ:
প্যাকেজ পিজি-০৩ (ডিজেল): ৬০ হাজার টন গ্যাস অয়েল বা ডিজেল আমদানিতে ব্যয় হবে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা (প্রতি ব্যারেল প্রিমিয়াম ১৬.৯৩ ডলার)। তিনটি প্রতিষ্ঠানের দরপ্রস্তাব যাচাই শেষে সর্বনিম্ন দরদাতা হিসেবে ট্রাফিগুরা নির্বাচিত হয়েছে।
প্যাকেজ পিজি-০৪ (ডিজেল): আরও ৯০ হাজার টন ডিজেল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা (প্রতি ব্যারেল প্রিমিয়াম ১৭.৪৫ ডলার)। পাঁচটি দরদাতার মধ্যে কারিগরিভাবে যোগ্য চারটি প্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন দরদাতা হিসেবে এ কাজটিও পেয়েছে ট্রাফিগুরা।
প্যাকেজ পিজি-০৫ (ফার্নেস অয়েল): ৩ লাখ ৫০ হাজার টন হাই সালফার ফার্নেস অয়েল আমদানিতে ব্যয় হবে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা (প্রতি ব্যারেল প্রিমিয়াম ৬৯.৮২ ডলার)। তিনটি গ্রহণযোগ্য দরপ্রস্তাবের মধ্যে সর্বনিম্ন দরদাতা হিসেবে ট্রাফিগুরা এটি সরবরাহ করবে।
প্যাকেজ পিজি-০৬ (অকটেন): ১ লাখ ২৫ হাজার টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড বা অকটেন আমদানিতে খরচ হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা (প্রতি ব্যারেল প্রিমিয়াম ১৭.৩৬ ডলার)। তিনটি যোগ্য প্রতিষ্ঠানের মধ্যে সর্বনিম্ন দরদাতা হিসেবে সরবরাহের দায়িত্ব পেয়েছে ইউনিপেক সিঙ্গাপুর।
জানা গেছে, দেশের মোট আমদানিতব্য জ্বালানি তেলের অর্ধেক সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে এবং বাকি অর্ধেক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হয়। ২০২৭ সালের পুরো বছরে জিটুজি পদ্ধতিতে ৩৩ লাখ ৩৫ হাজার টন এবং উন্মুক্ত দরপত্রে সমপরিমাণসহ মোট ৬৬ লাখ ৭০ হাজার টন জ্বালানি তেল আমদানির পরিকল্পনা রয়েছে বিপিসির।
এই আমদানি ব্যয় বিপিসির নিজস্ব বাজেট, তেল বিক্রির আয় এবং ঋণের মাধ্যমে সংস্থান করা হবে। তবে অনুমোদিত এই ক্রয়মূল্যের মধ্যে আমদানি শুল্ক, ভ্যাট ও অগ্রিম আয়কর অন্তর্ভুক্ত নয়; প্রচলিত আইন অনুযায়ী বিপিসিকে তা আলাদাভাবে পরিশোধ করতে হবে।
Comments