ডলার বিক্রির সর্বোচ্চ বিনিময় হার নির্ধারণ করে দিল বাংলাদেশ ব্যাংক
গ্রাহক স্বার্থ সুরক্ষা এবং নগদ বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নগদ ডলার বিক্রির সর্বোচ্চ বিনিময় হার বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ব্যাংকগুলো নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে নির্ধারিত 'বিসি সেলিং রেট'-এর চেয়ে বেশি দাম নিতে পারবে না।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে উল্লেখ করা হয়, ব্যাংকগুলো সাধারণত বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে টিটি ক্লিন, টিটি ডকুমেন্ট ও ওডি সাইট রেট এবং বিক্রির ক্ষেত্রে বিসি বিনিময় হার অনুসরণ করে থাকে। বর্তমান বাজার পরিস্থিতিতে নগদ বৈদেশিক মুদ্রার লেনদেন সুশৃঙ্খল রাখতে ও গ্রাহকদের বাড়তি খরচ ঠেকাতে নগদ বিক্রির সর্বোচ্চ সীমা হিসেবে 'বিসি সেলিং রেট' নির্ধারণ করে দেওয়া হলো।
পাশাপাশি, দেশের সব অনুমোদিত ডিলার (এডি) শাখায় এ নির্দেশনা যথাযথভাবে কার্যকর হচ্ছে কি না, তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
Comments