বিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানি বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রী
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি মনে করেন, পণ্যের গুণগত মান নিশ্চিত করা, উন্নত প্যাকেজিং ব্যবস্থা গড়ে তোলা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা গেলে বিদেশি বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের চাহিদা ও গ্রহণযোগ্যতা বাড়বে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউস পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বিশ্ববাজারে টিকে থাকতে হলে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, কৃষিপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতাদের বিশ্বাস অর্জন করতে হবে। এ ক্ষেত্রে দেশের নিজস্ব সক্ষমতা উন্নয়নের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সরাসরি যোগাযোগ ও যৌথ কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এর মাধ্যমে নতুন বাজারে প্রবেশ এবং বিদ্যমান বাজারে রপ্তানির পরিধি বাড়ানো সম্ভব হবে।
কৃষি উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, জমির মাটির প্রকৃতি ও পুষ্টি উপাদান বিশ্লেষণ করে ফসল নির্বাচন এবং সার প্রয়োগ করতে হবে। মাটিতে ফসফরাস, জিংক, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় উপাদানের ঘাটতি চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া গেলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে।
এ লক্ষ্যে দেশের বিভিন্ন এলাকার মাটির গুণাগুণ ও পুষ্টি উপাদানের তথ্য নিয়ে একটি সমন্বিত মানচিত্র তৈরির নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে অঞ্চল ও মৌসুম অনুযায়ী কোন ধরনের ফসলের জন্য কোন এলাকার মাটি বেশি উপযোগী, তা নির্ধারণ করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ওপর জোর দেন।
সভায় জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে ৫ হাজার ২৫৭ দশমিক ৪১ মেট্রিক টন কৃষিপণ্য বিদেশে রপ্তানি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল ৪ হাজার ১৫৫ দশমিক ৪৯ মেট্রিক টন। সে হিসাবে এক বছরে কৃষিপণ্য রপ্তানি বেড়েছে প্রায় ২৬ দশমিক ৫ শতাংশ।
আগের অর্থবছরে রপ্তানি হওয়া পণ্যের মধ্যে তাজা ফলের পরিমাণ ছিল ৩ হাজার ১০৫ দশমিক ৯৯ মেট্রিক টন। এ ছাড়া ১ হাজার ৯২৫ দশমিক ৮৩ মেট্রিক টন তাজা শাকসবজি এবং ২২৫ দশমিক ৫৯ মেট্রিক টন মসলা ও অন্যান্য কৃষিপণ্য রপ্তানি করা হয়।
ফল রপ্তানির তালিকায় শীর্ষে ছিল আম। ওই অর্থবছরে ১ হাজার ৯৫ দশমিক ৯৯ মেট্রিক টন আম বিদেশে পাঠানো হয়। পাশাপাশি ৭১৯ দশমিক ২২ মেট্রিক টন কাঁঠাল এবং ৬৫২ দশমিক ৭৮ মেট্রিক টন লেবুজাতীয় ফল রপ্তানি হয়েছে।
এ ছাড়া শিম, লাউ, কচুজাতীয় সবজি, পটোল, চিচিঙ্গা ও পেঁপেসহ দেশের বিভিন্ন কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি হচ্ছে।
বাংলাদেশের কৃষিপণ্যের অন্যতম রপ্তানি বাজার ইউরোপের বিভিন্ন দেশ। এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন, আয়ারল্যান্ড, বেলজিয়াম ও গ্রিস।
Comments