প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তা নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা বাড়তি চাপ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি স্পষ্ট জানান, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নেতারা দেশে ফিরতে চাইলে তা প্রত্যর্পণ চুক্তির আওতায় হতে হবে। সরকার ইতিমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাকে ফেরত চেয়ে সংশ্লিষ্ট দেশের কাছে চিঠি দিয়েছে এবং ওই দেশ বিষয়টি আইনানুগভাবে পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে সরকারের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এখন আসি বা আসিব বলিয়া কতদিন পার হবে, কোন দিন; একবার বলে নভেম্বর, একবার বলে ডিসেম্বর, আরেকবার বলে ১৬ তারিখ; এগুলোতে আমাদের মনোযোগ নাই। আমরা সবসময় সতর্ক আছি।'
তিনি জানান, বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চাওয়া হয়েছে। এ ধরনের প্রত্যর্পণ নিয়মিত প্রক্রিয়ার অংশ এবং দুই দেশের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এ বিষয়ে যোগাযোগ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা সংশ্লিষ্ট দেশের আমাদের কূটনৈতিক চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেই পত্র দিয়েছি। এবং তারাও আইনানুগভাবে সেটা পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেবেন বলে বক্তব্য দিয়েছেন।'
শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উজ্জীবিত ভাব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত দায়িত্ব পালন করবে। এ ধরনের কোনো কর্মসূচি থাকলে তা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি আরও জানান, আওয়ামী লীগের পলাতক নেতারা দেশের বিভিন্ন সীমান্তের ওপারে অবস্থান করে দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দিচ্ছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। তারা মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচির কথা বলছেন। তবে দেশের মানুষ তাদের এ ধরনের কার্যক্রম পরিচালনা করতে দেবে বলে তিনি মনে করেন না।
বিজিবি মোতায়েন নিয়মিত কার্যক্রম
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন সরকারের নিয়মিত কার্যক্রমেরই অংশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোথাও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা থাকলে পুলিশের অতিরিক্ত ব্যবস্থা হিসেবে সেখানে বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
তিনি জানান, বিজয় দিবসের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে কয়েক দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মসূচি সমন্বয় এবং নিরাপত্তাসহ অন্যান্য আয়োজন সম্পন্ন করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতীতেও অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কোনো সাধারণ মানুষের প্রাণহানি বা সম্পদের ক্ষতি যাতে না হয়, সে বিষয়ে সতর্ক থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে এবং ভবিষ্যতেও একইভাবে মোকাবিলা করা হবে। তবে কেউ উগ্রবাদী বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড, অগ্নিসংযোগ কিংবা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের সিদ্ধান্ত আদালতের
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হবে।
তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনার সুযোগ তৈরি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং তা এখন শেষ পর্যায়ে রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তি, গোষ্ঠী বা সংগঠন মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধসহ নির্দিষ্ট অপরাধে জড়িত থাকলে তাদের বিচারের আওতায় আনা যায়। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল ও বিচারিক কার্যক্রম সম্পন্ন হলে আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।
তিনি আরও বলেন, বিচারে দোষী সাব্যস্ত হলে সংশ্লিষ্ট দল বা সংগঠনকে স্থায়ীভাবে কিংবা নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করা এবং সংগঠনের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। আপাতত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে, যা এখনো বহাল আছে।
শ্রমিক আন্দোলনে গুজব ও ষড়যন্ত্রের অভিযোগ
শ্রমিক অসন্তোষ ও গাজীপুরে চলমান আন্দোলনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এসব আন্দোলনের সঙ্গে প্রকৃত শ্রমিকেরা জড়িত নন। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার ভিত্তিতে মজুরি বোর্ড সিদ্ধান্ত নিয়েছে এবং বোর্ডের সদস্যরা সেই সিদ্ধান্তে স্বাক্ষরও করেছেন।'
তিনি জানান, মজুরি বোর্ড অল্প সময়ের মধ্যে কয়েকটি বৈঠক করেছে এবং কারখানা পরিদর্শনসহ সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করেছে। গতকাল গভীর রাত পর্যন্ত আলোচনা শেষে আজ সকালে সব পক্ষ সিদ্ধান্তে সম্মতি দিয়েছে। এরপরও শ্রমিক এলাকায় গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং কোথাও অসন্তোষ থাকলে তার কারণ খতিয়ে দেখা হবে।
কূটনৈতিক পদক্ষেপ ও অন্যান্য প্রসঙ্গ
প্রতিবেশী দেশে অবস্থান করে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা তৈরির চেষ্টা মোকাবিলায় সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি কূটনৈতিকভাবে মোকাবিলা করা হচ্ছে।
এদিকে, ইন্দোনেশিয়ার একটি বিস্ফোরকবাহী জাহাজ আটকের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই; সাংবাদিকদের কাছ থেকেই তিনি বিষয়টি প্রথম শুনেছেন।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোটগতভাবে আলোচনার পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
Comments