বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: রয়টার্স
অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে করা এক বিশেষ তদন্তের ভিত্তিতে বাংলাদেশসহ বিশ্বের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তিন সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার বিকেলে বা বাংলাদেশ সময় বুধবার রাতে তদন্তের ফলাফল প্রকাশ হতে পারে।
নতুন শুল্ক কার্যকর হলে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি ব্যয় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) এ বিষয়ে নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে থেকেই আরোপিত শুল্কের সঙ্গে যুক্ত হবে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের কিছু শুল্ক বাতিল করার পর সেগুলোর আংশিক বিকল্প হিসেবেই নতুন এই শুল্ক আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারার আওতায় গত মার্চে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে তদন্ত শুরু করে ইউএসটিআর। একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে জোরপূর্বক শ্রমবিরোধী আইন প্রয়োগ নিয়েও পৃথক তদন্ত শুরু হয়। গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট বাতিল করা 'লিবারেশন ডে' শুল্কের একটি অংশ এসব তদন্তের মাধ্যমে পুনর্বহাল করতে চায় প্রশাসন।
নতুন শুল্কের হার এখনো চূড়ান্ত হয়নি এবং প্রতিটি দেশের জন্য আলাদা হার নির্ধারিত হতে পারে। তবে মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টদের একজন।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও আইনজীবী প্রতিষ্ঠান কিং অ্যান্ড স্প্যালডিংয়ের অংশীদার রায়ান মাজেরাসের মতে, বিস্তারিত প্রতিবেদনে ১৬ অংশীদারের জন্য আলাদা সুপারিশ থাকতে পারে। অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে, যা জোরপূর্বক শ্রমবিরোধী তদন্তের আওতায় আগে থেকেই আরোপিত ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের সঙ্গে যুক্ত হতে পারে। বিকল্প হিসেবে তুলনামূলক কম হারে শুল্ক বসিয়ে অতিরিক্ত সক্ষমতা না কমালে ধাপে ধাপে শুল্ক বাড়ানোর শর্তও দেওয়া হতে পারে।
বিভিন্ন দেশের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির শুল্ক-সীমা হোয়াইট হাউস মেনে চলতে পারে বলে সূত্রগুলো জানিয়েছে। সে অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্কের সীমা রয়েছে।
অন্যদিকে আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক সমঝোতা অনুযায়ী, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীনা পণ্যে শুল্ক সর্বোচ্চ ২০ শতাংশে সীমাবদ্ধ রাখার কথা রয়েছে—যদি সমঝোতার মেয়াদ বাড়ানো হয়। এর বাইরে ট্রাম্পের প্রথম মেয়াদের প্রায় ২৫ শতাংশ শুল্কও কার্যকর রয়েছে। চীনের সব আমদানি পণ্যে জোরপূর্বক শ্রমবিরোধী শুল্ক হিসেবে ইতিমধ্যে ১২ দশমিক ৫ শতাংশ আরোপ করা হয়েছে; ফলে ২০ শতাংশের সীমায় পৌঁছাতে আরও ৭ দশমিক ৫ শতাংশ বাড়ানোর সুযোগ রয়েছে। মেয়াদ শেষে সমঝোতা না বাড়লে চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার জন্য শুল্কের হার আরও বাড়তে পারে। তবে ইউএসটিআর ও হোয়াইট হাউস এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি।
প্রশাসনের মতে, ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি যন্ত্রপাতি ও সৌরবিদ্যুৎ পণ্যে অতিরিক্ত উৎপাদনের মাধ্যমে বিশ্ববাজারে প্রভাব ফেলার ক্ষেত্রে চীন সবচেয়ে বড় লক্ষ্য। পাশাপাশি ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার মতো দেশে চীনা প্রতিষ্ঠানের কারখানা স্থাপন করে মার্কিন শুল্ক এড়ানোর প্রচেষ্টাও তদন্তের নজরে রয়েছে। বেইজিং অবশ্য অতিরিক্ত সক্ষমতার অভিযোগ অস্বীকার করে নিজেদের প্রতিযোগিতামূলক সক্ষমতার কথা বলেছে।
রয়টার্সের তথ্যমতে, তদন্তের তালিকায় রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ ও কম্বোডিয়া—পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল চলতি সপ্তাহেই ফল প্রকাশের আভাস দিয়েছিল।
এদিকে শুল্কনীতির প্রভাবে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম বেড়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স ও ইপসোসের এক জরিপে দেখা যায়, ৬২ শতাংশ উত্তরদাতা এসব শুল্ক বাতিলের উদ্যোগকে সমর্থন করবেন।
Comments