মিস ইউনিভার্স ২০২৬: পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো
মিস ইউনিভার্সের ৭৫তম আসরের মুকুট জিতে নতুন ইতিহাস গড়লেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো। মঙ্গলবার রাতে পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীদের পেছনে ফেলে সেরার মুকুট পরেন ২৭ বছর বয়সী এই তরুণী।
প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ এবং দ্বিতীয় রানারআপের স্থান দখল করেছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। গত আসরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশ নতুন বিজয়ীর মাথায় মুকুটটি পরিয়ে দেন।
তিন বছর আগে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। সেই সিদ্ধান্তের পর জেনিফারই প্রথম কোনো বিবাহিত নারী ও মা, যিনি এই বিশ্বসেরার মুকুট জয় করলেন।
জেনিফারের মাথায় পরিয়ে দেওয়া হয়েছে 'দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি' নামের বিশেষ মুকুট। ভেনেজুয়েলার প্রখ্যাত গয়না নকশাকার জর্জ উইটেলসের তৈরি এই মুকুটে খচিত রয়েছে ৩ হাজার ১৫০টি হীরা।
সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে জেনিফার ছিলেন একেবারেই নতুন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো র্যাম্পে হাঁটেন তিনি। এর মাত্র চার মাসের মাথায় সান সেবাস্তিয়ানের প্রতিনিধি হিসেবে কাগুয়াসের সেন্ট্রো দে বেলাস আর্তেসে জিতে নেন 'মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো'র খেতাব।
জাতীয় পর্যায়ের জয়ের পর স্থানীয় সংবাদমাধ্যম 'এল ভোসেরো'কে তিনি জানিয়েছিলেন, এই প্রতিযোগিতার যাত্রা তাকে ভেতর থেকে বদলে দিয়েছে। এর আগে 'ন্যাশনাল ফাউন্ডেশন ফর পপুলার কালচার'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজের একটি স্বতন্ত্র উত্তরাধিকার তৈরির প্রত্যয় ব্যক্ত করেছিলেন।
পুয়ের্তো রিকোর মায়াগুয়েজে জন্ম নেওয়া জেনিফার বেড়ে উঠেছেন ইসাবেলা, সান সেবাস্তিয়ান ও আগুয়াদিয়ায়। মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে দুটি স্নাতকোত্তর ডিগ্রিধারী জেনিফার পেশায় একজন সমাজকর্মী ও থেরাপিস্ট। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে প্রতিরোধমূলক স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। পাশাপাশি পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সঙ্গেও যুক্ত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি জ্যঁ কার্লোস বারেত্তোর স্ত্রী এবং পেনেলোপে নামের সাত বছর বয়সী এক কন্যাসন্তানের জননী।
ছোটবেলায় মায়ের সঙ্গে বসে মিস ইউনিভার্স দেখতেন জেনিফার; তার চোখে এই মঞ্চ নারীদের জন্য অলিম্পিকের সমতুল্য। জাতীয় প্রতিযোগিতার আগে কঠোর পরিশ্রমে প্রায় ৭০ পাউন্ড ওজন কমিয়েছিলেন তিনি। তার মতে, আগেভাগে নিজেকে প্রস্তুত রাখায় মূল প্রতিযোগিতার সময় পুয়ের্তো রিকোর ঐতিহ্যবাহী খাবার 'টোস্তোনেস' ও চকোলেট উপভোগ করতে তার কোনো অসুবিধা হয়নি। প্রতিযোগিতার জাতীয় পোশাক পর্বে তিনি দ্বীপটির ঐতিহ্যবাহী লজ্জাবতীজাতীয় গাছ 'মরিভিভি' থেকে অনুপ্রাণিত পোশাক পরে নজর কাড়েন।
ভলিবলপ্রেমী এই বিশ্বসুন্দরী মিস ইউনিভার্স হিসেবে বিশ্বজুড়ে মনোস্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর কাজ করতে চান। একই সঙ্গে তিনি প্রমাণ করতে চান, মাতৃত্ব কখনোই নারীর স্বপ্ন ও এগিয়ে চলার পথে বাধা হতে পারে না।
Comments