মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ায় পোশাক খুলে শরীর পরীক্ষার অভিযোগ
নারীর আত্মবিশ্বাস, সৌন্দর্য ও ব্যক্তিত্ব উদ্যাপনের মঞ্চ হওয়ার কথা থাকলেও মিস ইউনিভার্সের আড়ালেই কয়েকটি প্রতিযোগীকে পোশাক খুলে শরীর পরীক্ষা করানোর অভিযোগ ওঠে। এমনকি সম্মতি ছাড়াই তোলা হয় আপত্তিকর ছবি। ২০২৩ সালের এই ঘটনা ইন্দোনেশিয়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করে এবং বিশ্বের অন্যতম পরিচিত সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্নের জন্ম দেয়।
মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ায় অংশ নেওয়া কয়েকজন প্রতিযোগীর অভিযোগ, আয়োজকেরা তাদের পোশাক খুলে শরীর পরীক্ষা করতে বাধ্য করেন। পাশাপাশি অন্তর্বাস খুলে শরীরের বিভিন্ন অংশ দেখানো এবং আপত্তিকর ভঙ্গিতে দাঁড় করিয়ে ছবি তোলার অভিযোগও ওঠে। উদ্বেগজনক বিষয় ছিল, পুরো প্রক্রিয়ার সময় সেখানে পুরুষসহ প্রায় দুই ডজন মানুষ উপস্থিত ছিলেন।
২০২৩ সালের আগস্টে ঘটনাটি সামনে আসার পর দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। ভুক্তভোগী প্রতিযোগীরা পুলিশের শরণাপন্ন হন এবং আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনার মুখে পড়ে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ইন্দোনেশিয়ার স্থানীয় আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আন্তর্জাতিক সংস্থাটি। পরবর্তীতে এ ঘটনায় এক শীর্ষ কর্মকর্তার কারাদণ্ডও হয়।
কীভাবে ঘটেছিল ঘটনাটি?
২০২৩ সালের ২৯ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই বছরের আন্তর্জাতিক মিস ইউনিভার্স আসরে দেশের প্রতিনিধিকে বেছে নেওয়াই ছিল এই আয়োজনের লক্ষ্য। কিন্তু চূড়ান্ত পর্বের ঠিক দুই দিন আগে, ১ আগস্ট ঘটে বিতর্কিত এই ঘটনা।
প্রতিযোগীদের অভিযোগ অনুযায়ী, শরীরে কোনো দাগ, সেলুলাইট বা ট্যাটু আছে কি না তা যাচাইয়ের কথা বলে তাদের একটি কক্ষে নেওয়া হয়। সেখানে গিয়ে তারা জানতে পারেন, পরীক্ষার স্বার্থে পোশাক খুলতে হবে। অভিযোগকারীদের আইনজীবী মেলিসা আংগ্রায়েনি জানান, অন্তত কয়েকজন প্রতিযোগীকে একটি হোটেলের বলরুমে নেওয়া হয় এবং সেখানে অন্তর্বাস খুলতে বলা হয়। কক্ষটিতে পুরুষসহ প্রায় দুই ডজন ব্যক্তি ছিলেন। পাঁচজন প্রতিযোগীর অভিযোগ, তাদের টপলেস অবস্থায় ছবি তোলা হয়েছিল।
একজন প্রতিযোগী জানান, এমন পরিস্থিতির জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না এবং হঠাৎ পোশাক খুলতে বলায় হতভম্ব হয়ে যান। আরেক প্রতিযোগীর অভিযোগ, তাকে এমন ভঙ্গিতে দাঁড়াতে বলা হয়েছিল যা ছিল চরম অপমানজনক। অথচ প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচিতে এমন কোনো পরীক্ষার উল্লেখই ছিল না।
আইনি পদক্ষেপ, তদন্ত ও প্রতিক্রিয়া
আইনজীবী মেলিসা আংগ্রায়েনি বলেন, যে মঞ্চ নারীর আত্মবিশ্বাস ও মর্যাদা বাড়ানোর কথা, সেখানে নারীদেরই বস্তু হিসেবে দেখা হয়েছে। ঘটনার পর ২০২৩ সালের আগস্টে একে একে প্রতিযোগীরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। শুরুতে ছয়জনের অভিযোগের খবর এলেও পরে অভিযোগকারীর সংখ্যা বেড়ে দ্য জাকার্তা পোস্টের প্রতিবেদন অনুযায়ী মোট আটজনে দাঁড়ায়।
অভিযোগগুলোর মধ্যে ছিল অনাকাঙ্ক্ষিত আচরণ, অনুমতি ছাড়া ছবি তোলা এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন। ইন্দোনেশিয়ার ২০২২ সালের যৌন সহিংসতাবিরোধী আইনের আওতায় তদন্তের দাবি ওঠে এবং জাকার্তা পুলিশ তদন্ত শুরু করে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ, হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং ভুক্তভোগীদের বক্তব্য সংগ্রহ করা হয়। মানসিকভাবে বিপর্যস্ত কয়েকজন প্রতিযোগীর জন্য মনঃসামাজিক সহায়তার ব্যবস্থাও করা হয়।
ইন্দোনেশিয়ার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধবিষয়ক জাতীয় কমিশন ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে জানায়, সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার মানে এই নয় যে প্রতিযোগীদের যৌন হয়রানি বা অসম্মানজনক আচরণ সহ্য করতে হবে।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগীদের নিয়েও নেতিবাচক মন্তব্য দেখা যায়—কেউ কেউ যুক্তি দেন যে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিলে এমন পরীক্ষা মেনে নেওয়া উচিত। তবে নারী অধিকারকর্মীরা এ যুক্তি নাকচ করে বলেন, কোনো প্রতিযোগিতায় অংশ নিলেই একজন নারী নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও শরীরের ওপর অধিকার হারান না।
আয়োজকদের অবস্থান ও আদালতের রায়
ঘটনাটি নিয়ে বিতর্কের কেন্দ্রে ছিল ইন্দোনেশিয়ায় মিস ইউনিভার্সের ফ্র্যাঞ্চাইজি পরিচালনাকারী প্রতিষ্ঠান 'পিটি কাপেলা স্বস্তিকা কারিয়া'। তবে প্রতিষ্ঠানটির জাতীয় পরিচালক ও লাইসেন্সধারী পপি কাপেলা অভিযোগে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেন, এমন আচরণের বিষয়ে তিনি কিছুই জানতেন না এবং এ ধরনের পরীক্ষার কোনো নির্দেশ বা অনুমতি দেননি। তবুও অভিযোগের গুরুত্ব ও তদন্তের প্রেক্ষাপটে ইন্দোনেশিয়ার আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আন্তর্জাতিক মিস ইউনিভার্স কর্তৃপক্ষ, যা প্রতিযোগিতাটির আন্তর্জাতিক ভাবমূর্তিতে বড় ধাক্কা দেয়।
বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। ২০২৪ সালের ৭ মার্চ জাকার্তার কেন্দ্রীয় জেলা আদালত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ার প্রধান পরিচালন কর্মকর্তা অ্যান্ডারিয়া সারাহ দেউইয়াকে ইলেকট্রনিক মাধ্যমে যৌন সহিংসতার অপরাধে দোষী সাব্যস্ত করে এক বছর চার মাসের কারাদণ্ড দেন।
বিচারিক নথিতে উঠে আসে, প্রতিযোগীদের অনুমতি ছাড়াই তাদের শরীরের বিভিন্ন অংশের ছবি তোলা হয়েছিল এবং চারজন প্রতিযোগীর শরীরের বিভিন্ন অংশের মোট ১৭টি ছবি অভিযুক্ত কর্মকর্তার ফোনে সংরক্ষিত ছিল।
সৌন্দর্যের বিচার চলতে পারে, কিন্তু সৌন্দর্য যাচাইয়ের নামে নারীর সম্মতি, নিরাপত্তা ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন করার অধিকার কারও নেই—ইন্দোনেশিয়ার এই ঘটনা বিশ্বজুড়ে সেই প্রশ্নটিই নতুন করে সামনে এনেছিল।
Comments