মজুরি ঘোষণার পরও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও সংঘর্ষ
যদিও কয়েকটি কারখানা ব্যতীত শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় সকাল থেকে স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হয়েছে। সরকারের গঠিত মজুরি বোর্ডের নতুন বেতন প্রত্যাখান করে গাজীপুরে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ের ভোগড়া বাইপাস ও নাওজোড়সহ কয়েকটি কারখানার সামনে বিক্ষোভ করছে। এসময় পুলিশ তাদের মহাসড়ক ছেড়ে দেয়ার অনুরোধ করলে শ্রমিকদের সাথে সংঘর্ষ বাঁধে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তারা দুটি মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। সকাল সাড়ে ৮টার দিতে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড়ে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ মহাসড়ক চালু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়া মাত্রই শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া শুরু করে। এসময় মহাসড়ক থেকে বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ-টিয়ার শেল ছুঁড়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, 'সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। ভোগড়া-নাওজোড় এলাকায় শ্রমিকরা একটু সমস্যা করেছিল। আমাদের লোকজন পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।'
প্রায় এক মাসের আন্দোলন, মহাসড়ক অবরোধ, সংঘর্ষ আর শত শত কারখানায় ছুটির পর অবশেষে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত হয়েছে। তবে এ নতুন মজুরি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে শ্রমিকদের একাংশ এ সিদ্ধান্তকে মেনে নিয়েছে, আর আন্দোলনকারীদের একটি অংশ এখনো তা প্রত্যাখ্যান করছে।
গতকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে শুরু হওয়া নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা চলে রাত প্রায় ২টা পর্যন্ত। শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ায় গোপন ভোটে সিদ্ধান্ত হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।
বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী রাত সোয়া ৪টায় ব্রিফিংয়ে জানান, নতুন কাঠামোয় গ্রেড-৪ (নিম্নতম) ১৭ হাজার টাকা, গ্রেড-৩ ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড-২ ২০ হাজার টাকা এবং গ্রেড-১ ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমান ১২ হাজার ৫০০ টাকার তুলনায় সর্বনিম্ন গ্রেডে বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা, অর্থাৎ ৩৬ শতাংশ। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ১ ডিসেম্বর থেকে এই কাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে।
ঘোষণার পর সকাল থেকেই একাংশ শ্রমিক সামাজিক মাধ্যমে স্বস্তি প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, 'রাত ৩টায় ১৭ হাজার টাকা ঘোষণা হয়েছে, আলহামদুলিল্লাহ।' আরেকজন লেখেন, 'সব নাটকের পর অবশেষে ১৭ হাজার টাকা নির্ধারণ হলো।'
শ্রমিকদের একাংশের মতে দীর্ঘদিন কারখানা বন্ধ, ছুটি, বেতন অনিশ্চয়তা আর রাস্তায় দৌড়ঝাঁপের পর অন্তত একটি নির্দিষ্ট অঙ্ক এসেছে। এখন কাজে ফিরে ডিসেম্বর থেকে নতুন বেতন পাওয়াটাই জরুরি। এই অংশের শ্রমিকরা বলছেন, ৩০ হাজার টাকার দাবি আদায় না হলেও ১২ হাজার ৫০০ থেকে ১৭ হাজার টাকায় ওঠা ফেলে দেওয়ার মতো নয়।
সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক শ্রমিক কাজে যোগ দিতে চাইছেন। ভোগড়া, চান্দনা চৌরাস্তাসহ কয়েকটি এলাকায় সকালে শ্রমিকদের দলবদ্ধভাবে কারখানার দিকে যেতে দেখা গেছে। অন্যদিকে আন্দোলনকারীদের একটি অংশ, বিশেষ করে যারা শুরু থেকে ৩০ হাজার টাকার দাবিতে রাস্তায় ছিলেন, তারা এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন।
সকালে কয়েকটি স্থানে দেখা গেছে, একাংশ শ্রমিক এখনো বেশি বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। তাদের যুক্তি বাসাভাড়া, খাবার, চিকিৎসা আর যাতায়াতের খরচ যে হারে বেড়েছে, তাতে ১৭ হাজার টাকায় পরিবার চালানো যাবে না।
শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার নিজেও বোর্ডে শেষ পর্যন্ত ১৮ হাজার টাকার প্রস্তাব করেন, কিন্তু ভোটে তা টেকেনি। ফলে এই অংশের শ্রমিকরা বলছেন, বোর্ডের সিদ্ধান্ত তাদের প্রতিনিধিদের মতেরও প্রতিফলন ঘটায়নি।
গতকালের পরিস্থিতি ছিল উত্তপ্ত। দিনের বিভিন্ন সময় ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ ছিল যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ইয়ার্সেল সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। উত্তেজিত শ্রমিকরা একটি পুলিশ ব্যাক্স বক্সে অগ্নি সংযোগ করে। এমন পরিস্থিতিতে ৭০ টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয় এবং ৩২ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
মজুরি বোর্ডের সিদ্ধান্ত এখন শ্রম মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়। মন্ত্রণালয় অনুমোদন দিলে ১ ডিসেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর হবে, আর জানুয়ারিতে শ্রমিকরা নতুন বেতনে প্রথম বেতন পাবেন।
এরই মধ্যে আজ সকালে জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় শ্রমিকদের একাংশ বেতন আরো বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেছেন। শ্রমিকরা টঙ্গীর সাতাইশ এলাকায়, গাজীপুরের ভোগড়া, না্ওজোর এলাকায়, শ্রীপুরের আনসার রোড সহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে মহাসড়কে ও আঞ্চলিক সড়কে নেমে বিক্ষোভ করছেন। আইন শৃংখলা বাহিনী তাদের কোথাও বুঝিয়ে, আবার কোথায় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দিচ্ছে।
Comments