পোশাক শ্রমিকের মৃত্যুর গুজবে ফের উত্তাল গাজীপুর, মহাসড়ক অবরোধ
এক পোশাক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার জেরে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কর্মবিরতি ও বিক্ষোভে নেমেছেন গাজীপুরের কয়েকটি কারখানার শ্রমিকেরা। বিক্ষোভের একপর্যায়ে তারা ভোগড়া বাইপাস এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার ইসলাম গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এই গুজবের পরপরই ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে ইসলাম গার্মেন্টসসহ আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এরপর বিক্ষুব্ধ শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে প্রথমে জরুন আঞ্চলিক সড়কে অবস্থান নেন এবং দুপুর পৌনে ১২টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করেন। এর ফলে ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রথমে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। অবরোধ তুলে নেওয়ার পরও ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
এ বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, 'টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ওই দুই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।'
Comments