শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: হাসনাত আবদুল্লাহ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির মোটরসাইকেল র্যালিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, "তাকে আসতে বলেন—আমরা তো চাই উনি ফেরত আসুক। ফেরত এলে ওনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। এখন যা হচ্ছে, তার সবই নাটক।" এ সময় তিনি শীতকালীন, গ্রীষ্মকালীন বা শরৎকালীন—এমন মাস বা ঋতুকেন্দ্রিক কোনো ঐক্য টেকসই নয় বলেও মন্তব্য করেন।
শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, "হাসিনা রাষ্ট্রের কাছে বিমান চেয়েছেন এবং একই দিনে থার্ড টার্মিনাল উদ্বোধন, ডিসেম্বর, আবার বিজয় দিবস—সবকিছু মিলিয়ে দেওয়া হচ্ছে। উনি কি মেহমান নাকি? উনি সারাজীবন বলতেন, 'আমরা পালিয়ে যাব না'। আসলে উনি আসি আসি বলেও আসবেন না। দেশে তার কিছু অনুসারী আছেন, তাদের উজ্জীবিত রাখতেই এসব নাটক করা হচ্ছে। একবার বিমান পাঠাও, একবার গাড়ি পাঠাও, একবার সীমান্ত পরীক্ষা করো—সবই নাটক।"
সীমান্ত দিয়ে অনুপ্রবেশের আলোচনার সমালোচনা করে তিনি আরও বলেন, "আসতেই যদি হয়, তবে সীমান্তের ফাঁকফোকর পরীক্ষা করতে হবে কেন? এগুলো তো মাদক কারবারিদের মতো কাজ, যারা সীমান্তের ফাঁক দিয়ে কীভাবে ঢোকা যায় তা খোঁজে। এগুলো নিছক মিডিয়া স্ট্যান্ডবাজি। দিনশেষে বিষয়টি হলো উনি আসবেন না। আর এলেও আমরা ওয়েলকাম করব, ফুল নিয়ে যাব। এরপর বাংলাদেশের সব মানুষ মিলে তাকে ফাঁসির মঞ্চে এগিয়ে দিয়ে আসবে।"
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, "গতকাল আমাদের আহ্বায়ক বলেছিলেন, আওয়ামী লীগের পরাজয় ৫ আগস্টেই হয়েছে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সেদিনই চূড়ান্ত হয়েছে। বর্তমান কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন তো দূরের কথা, তারা যে একটি ফ্যাসিবাদী ও গণবিমুখ শক্তি, সেটিই বারবার প্রমাণিত হচ্ছে।"
টেকসই জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, "শুধুমাত্র ডিসেম্বর বা কোনো নির্দিষ্ট ঋতুকেন্দ্রিক ঐক্য টেকসই হতে পারে না। বরং দেশের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং উন্নয়নের স্বার্থে আমাদের স্থায়ী ঐক্য গড়ে তুলতে হবে। গণরায়, গণভোট এবং সংস্কারের ভিত্তিতে নষ্ট হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন ও সুদৃঢ় করার মাধ্যমেই এই ঐক্যকে আরও মজবুত করতে হবে।"
প্রধানমন্ত্রীর নতুন করে ঐক্যের আহ্বান এবং আঞ্চলিক রাজনীতি প্রসঙ্গে এনসিপির এই মুখ্য সংগঠক বলেন, "আধিপত্যবাদের বিরুদ্ধে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র চলছে, তা ভারতের ষড়যন্ত্র। ভারতের জনগণের সঙ্গে আমাদের হৃদ্যতাপূর্ণ, সাংস্কৃতিক, সামাজিক ও ব্যবসায়িক পারস্পরিক সম্পর্ক রয়েছে। কিন্তু ভারত যে আধিপত্যবাদী মনোভাব নিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ ও নিপীড়ন করতে চায়, তার বিরুদ্ধেই ৫ আগস্টের অভ্যুত্থান ঘটেছে।"
সবশেষে তিনি জানান, চলমান পরিস্থিতি কোন মাত্রায় রয়েছে এবং সরকার এ বিষয়ে কী ভাবছে, পাশাপাশি গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারের পরিকল্পনা কী—তা তারা সরকারের কাছে জানতে চেয়েছেন।
Comments