দুর্বল ব্যাংক পুনর্গঠনে বাংলাদেশ ব্যাংকের চার বছরের সংস্কার পরিকল্পনা
দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখা এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে চার বছর মেয়াদি একটি সমন্বিত সংস্কার পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। এই মহাপরিকল্পনার আওতায় সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর পুনর্গঠন, সম্পদের প্রকৃত মান যাচাই, পরিচালনা পর্ষদ পুনর্গঠন, মূলধন বৃদ্ধি এবং খেলাপি ঋণ আদায়ে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকিং খাতের প্রকৃত দুর্বলতা ও ঝুঁকির জায়গাগুলো চিহ্নিত করতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পদের গুণগত মান যাচাই বা 'অ্যাসেট কোয়ালিটি রিভিউ' (একিউআর) কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই মধ্যে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এই যাচাই কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।
এছাড়া, যেসব ব্যাংক বর্তমানে তারল্য সংকটে ভুগছে, তাদের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে জরুরি তারল্য সহায়তা ও বিশেষ গ্যারান্টি প্রদান করছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তনের মাধ্যমে পুরো খাতে সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, আগামী চার বছরে প্রতিটি ব্যাংকের সমস্যা বিবেচনায় নিয়ে আলাদাভাবে পুনর্গঠন, মূলধন ঘাটতি পূরণ এবং খেলাপি ঋণ আদায়ের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই খেলাপি ঋণ আদায় ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে বলে আশা করছে সংস্থাটি।
এদিকে, ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য গ্রাহক ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেকোনো তথ্যের জন্য কেন্দ্রীয় ব্যাংকের আনুষ্ঠানিক বক্তব্য ও বিজ্ঞপ্তি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
Comments