শেখ হাসিনাকে ফেরানোর আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে চড়ে নাকি হেঁটে দেশে ফিরবেন—সে বিষয়ে আলোচনা তার সঙ্গে নয়, বরং ভারত সরকারের সঙ্গে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান।
সংবাদ ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান স্পষ্ট করে বলেন, 'শেখ হাসিনা যদি বাংলাদেশে আসতে চান, তা নিয়ে তার সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই। আমি বিষয়টি আবারও নিশ্চিত করতে চাই যে, তিনি দেশে আসবেন কি আসবেন না—এই আলোচনা শেখ হাসিনার সঙ্গে নয়, বরং আমাদের সঙ্গে ভারতের হবে।'
শেখ হাসিনাকে একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী হিসেবে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, 'শেখ হাসিনা একজন মারাত্মক জঘন্য অপরাধী, যিনি তার সহযোগীদের নিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি কেবল অভিযুক্ত নন, বরং বিচারিক প্রক্রিয়া শেষে দোষী সাব্যস্ত হয়ে শাস্তিপ্রাপ্ত। তার বিরুদ্ধে এটি কোনো প্রাথমিক অভিযোগ নয়। তাই তিনি বাংলাদেশে আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন না ওদের বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন—অর্থাৎ কীভাবে তার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে, সেই আলোচনা ভারতের সঙ্গেই হবে।'
দেশে ফেরা নিয়ে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যকে 'রাজনৈতিক ধোঁয়াশা' বা 'ব্লাফ' হিসেবে আখ্যা দিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, 'তিনি মাঝখান থেকে দেখানোর চেষ্টা করছেন যে তিনি এখনো অনেক কিছু এবং তার সিদ্ধান্তেই অনেক কিছু ঘটছে। আমরা আগেও বলেছি, এটি রাজনৈতিক মহলের উদ্দেশে দেওয়া একটি নিছক ধোঁয়াশা মাত্র। তার দলের নেতাকর্মীদের সামনে তিনি নিজেকে এভাবেই উপস্থাপন করতে চাইছেন।'
ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন বক্তব্য এবং সে বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া জানতে চাইলে উপদেষ্টা বলেন, 'বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো প্রতিবাদ জানিয়েছে কি না, তা আমার জানা নেই। তবে ভারতীয় গণমাধ্যম তো স্বাধীন বিষয়, কিন্তু দেশটির সরকারের দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তিরা যখন এ ধরনের বক্তব্য দেন, তা আমাদের নজরে এসেছে। আমরা আশা করব, তাদের অবস্থান থেকে এ ধরনের মন্তব্য করা থেকে তারা বিরত থাকবেন।'
বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, 'আগে প্রায়ই বলা হতো যে বন্ধু বদলানো যায়, কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। এই বাস্তবতা উভয় পক্ষের জন্যই প্রযোজ্য—আমরা যেমন প্রতিবেশী বদলাতে পারি না, ভারতও তেমনি পারে না। ফলে দুই দেশের মধ্যে ইতিবাচকভাবে সম্পৃক্ত থাকা ছাড়া আসলে কোনো বিকল্প নেই। দায়িত্বশীল পর্যায় থেকে আসা এ ধরনের অনাকাঙ্ক্ষিত মন্তব্য দ্বিপাক্ষিক সম্পর্ককে চাপে ফেলার ঝুঁকি তৈরি করে।'
Comments