তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী
নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি স্বর্ণদ্বীপের পথে রওনা হন।
সফরকালে প্রধানমন্ত্রী তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত 'জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬'-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন এবং মহড়াস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের সামরিক কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের এই বিশেষ অনুশীলনে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।
উল্লেখ্য, নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা দ্বীপ 'স্বর্ণদ্বীপ'-এ এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর। দিনের কর্মসূচি ও মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে করে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
Comments