জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত মানুষের ২৬ শতাংশ নদীভাঙনের শিকার: গবেষণা
জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের প্রায় ২৬ শতাংশই নদীভাঙনের শিকার হচ্ছেন। গত ৫০ বছরে নদীভাঙনে বাংলাদেশের প্রায় দেড় হাজার বর্গকিলোমিটার জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই বিপর্যয়ে মানুষ কেবল তাদের বসতভিটা ও জীবিকাই হারাচ্ছে না, বরং ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সামাজিক বন্ধন, নাগরিক অধিকার, মানসিক স্বস্তি এবং নিজস্ব পরিচয় বা ঠিকানার অনুভূতি।
আজ সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে 'নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, নাগরিক অধিকার ও জীবিকার নিরাপত্তা' শীর্ষক এক মতবিনিময় সভায় উত্থাপিত 'সাকিন' নামক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। হিউম্যানিটারিয়ান অ্যাডভাইজরি গ্রুপের (এইচএজি) অর্থায়নে ইনসাইটস নলেজ, মানব মুক্তি সংস্থা (এমএমএস) এবং শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) যৌথভাবে সিরাজগঞ্জ ও শরীয়তপুর জেলায় এই গবেষণাটি পরিচালনা করে।
অনুষ্ঠানে গবেষণার ফলাফল উপস্থাপন করেন ইনসাইটস নলেজের অ্যাডভাইজার সুমন আহসানুল ইসলাম। তিনি জানান, নদীভাঙন মানুষের জীবনে দীর্ঘমেয়াদি বহুমাত্রিক সংকট তৈরি করে এবং এর প্রভাব পরিবারের সবার ওপর সমানভাবে পড়ে না:
বাল্যবিবাহ ও শিশুশ্রম: গবেষণাধীন এলাকাগুলোতে ১৪ বছরের ওপরে কোনো মেয়েশিশুকে অবিবাহিত পাওয়া যায়নি, যা ওই অঞ্চলে বাল্যবিবাহের ভয়াবহ উচ্চহার নির্দেশ করে। পাশাপাশি শিশুদের পড়াশোনায় বিঘ্ন ঘটায় শিশুশ্রম আশঙ্কাজনকভাবে বাড়ছে।
নারীদের বাড়তি চাপ: নদীভাঙনের ফলে নারীদের জীবিকার সুযোগ ও গৃহস্থালির উৎপাদনমূলক কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবারের বয়স্ক ও শিশুদের দেখভালের বাড়তি দায়িত্ব তাদের ওপর এসে পড়ে।
ইনসাইটস নলেজের চেয়ারপারসন নাহিদ সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব।
তিনি বলেন, "নদীভাঙনে সম্পদের ক্ষয়ক্ষতির চেয়েও বড় সংকট হলো মানুষ ঠিকানাহীন হয়ে পড়ে। স্থায়ী ঠিকানা হারানোর ফলে বাস্তুচ্যুত অনেক মানুষ নাগরিক পরিচয় ও সরকারি সেবা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হন। এ সমস্যা সমাধানে আমরা 'ফ্যামিলি কার্ড' বিতরণের জন্য 'ফ্যামিলি ট্রি' তৈরি করছি এবং পরিবারের তথ্য শনাক্ত করছি। এর মাধ্যমে কোনো ব্যক্তির উৎস বা শিকড় কোথায় তা সহজেই জানা যাবে এবং নদীভাঙা মানুষদের চিহ্নিত করে সরকারি সেবার আওতায় আনা সম্ভব হবে।"
সভায় ইনসাইটস নলেজের অ্যাডভাইজার ড. এহছানুর রহমান বলেন, নদীভাঙন মোকাবিলায় কেবল নদীতীর রক্ষা করাই যথেষ্ট নয়; বরং ক্ষতিগ্রস্ত মানুষের জীবন, জীবিকা, নাগরিক অধিকার ও ভবিষ্যৎ সুরক্ষাকে সমান গুরুত্ব দিতে হবে।
নদীভাঙনের ফলে সৃষ্ট মানসিক ট্রমা বাস্তুচ্যুত মানুষের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে উল্লেখ করে তিনি নদীশাসন ও জরুরি সহায়তার পাশাপাশি নিরাপদ বসতি, টেকসই জীবিকা, সামাজিক সুরক্ষার ধারাবাহিকতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার এবং নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে ক্ষতিগ্রস্ত মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
Comments