ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় বাড়ল ৩ দিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির অনলাইন আবেদনের সময়সীমা আরও তিন দিন বাড়ানো হয়েছে। তবে ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। আজ সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবেদনের নতুন সময়সীমা
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তিসংক্রান্ত অন্যান্য সব তারিখ ও সময়সূচি অপরিবর্তিত রেখে অনলাইনে আবেদনের সময়সীমা তিনদিন বৃদ্ধি করা হয়েছে। ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ২৮ নভেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। উল্লেখ্য, গত ১১ নভেম্বর থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল, যা আগামী ২৫ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।
এর আগে আজই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে আবেদনের সময় দুদিন বাড়ানো হবে বলে জানিয়েছিলেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে সময়সীমা তিন দিন বাড়ানোর ঘোষণা দেয়।
ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সূচি বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত সূচি অনুযায়ী বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা নিম্নোক্ত তারিখে অনুষ্ঠিত হবে:
- আইবিএ ইউনিট: ৫ ডিসেম্বর
- বিজ্ঞান ইউনিট: ১২ ডিসেম্বর
- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৯ ডিসেম্বর
- চারুকলা ইউনিট: ২২ ডিসেম্বর
- ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৬ ডিসেম্বর
Comments