টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে
রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) হত্যা মামলায় গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. ইরফান খান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মো. মাহবুবুল আলম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত সুইডেন আসলামের জামিন আবেদন নাকচ করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশত্যাগের চেষ্টাকালে সুইডেন আসলামকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে নিশ্চিত হওয়া যায়, তাকে টিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
মামলার বিবরণী অনুযায়ী, গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের বটতলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন টিটন। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন সুইডেন আসলাম। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।
Comments