বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
সরকার দেশে বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের বহুমুখী সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) ও এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে এসকে গ্রুপ।
বৈঠকে প্রতিনিধিদলটি মাতারবাড়ীতে টার্মিনাল নির্মাণের বিস্তারিত পরিকল্পনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করে। তারা জানায়, দক্ষিণ কোরিয়ার উলসান শহরের মতো মাতারবাড়ীও ভবিষ্যতে একটি বৃহৎ 'এনার্জি হাব' বা জ্বালানি কেন্দ্র হয়ে ওঠার উজ্জ্বল সম্ভাবনা রাখে।
প্রতিনিধিদলের উপস্থাপনা মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জ্বালানি খাতে তাদের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। প্রস্তাবিত প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াগুলো সহজ করতে সরকার বদ্ধপরিকর। এ সময় প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলটি বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির ভূয়সী প্রশংসা করে এবং বাংলাদেশের বিনিয়োগের সুযোগগুলো কাজে লাগাতে তাদের আন্তরিক আগ্রহের কথা পুনর্ব্যক্ত করে।
সাক্ষাৎকালে সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।
অন্যদিকে, বিদেশি প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সং-সহ এসকে গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Comments