ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় আরও ২ দিন বাড়ছে: শিক্ষামন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদনের সময়সীমা আরও দুদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
ফেসবুক পোস্টে শিক্ষামন্ত্রী লেখেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বৃদ্ধি করা হবে।"
বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সময়সীমা বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটেও নতুন কোনো ঘোষণা আসেনি। বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির আগের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটই আবেদনের শেষ সময় হিসেবে বহাল রয়েছে।
Comments