যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল রোববার (২২ নভেম্বর) 'মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে' নামের এই সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস সড়কটির নামকরণের প্রস্তাব উত্থাপন করেন এবং পরবর্তীতে সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে তা অনুমোদন দেয়। শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে সঙ্গে নিয়ে এই কার্যক্রম পরিচালিত হয়।
শিকাগোর স্থানীয় সময় রোববার দুপুর ১২টায় বৃষ্টিভেজা পরিবেশে নামফলক উন্মোচন অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, উদ্যোগটির উদ্যোক্তা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।
এ ছাড়া অনুষ্ঠানে শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে শাহ মোসাদ্দেক মিন্টু, জসীমউদ্দীন, ইকবাল কবির, দুলু মিয়া, হাদী ভূঁইয়া, মাহির শাহ, ফরহাদ আহমেদ, কাউন্টি শেরিফের প্রতিনিধি সালমান আফতাব, শাহ মোশাররফ ও ডা. মনজুরুল হক উপস্থিত ছিলেন।
সড়কটির অবস্থান ও ঐতিহাসিক সংযোগ নতুন নামকরণকৃত এই সড়কটির পাশেই অবস্থিত শিকাগোর বিখ্যাত ১১০ তলাবিশিষ্ট উইলিস টাওয়ার (পূর্বনাম সিয়ার্স টাওয়ার)। একসময় বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত এই স্থাপনাটির কাঠামোগত নকশা করেছিলেন প্রখ্যাত বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান (এফ আর খান)। তার নকশা করা স্থাপনার পাশেই এখন শোভা পাচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামফলক।
নামকরণের প্রেক্ষাপট প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ও রাজনৈতিক অবদান বিবেচনায় নিয়েই এই নামকরণ করা হয়েছে। নামকরণের প্রস্তাবে জনগণের ভোটে তার তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা এবং জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিপুল ভোটে জয়ী হওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়।
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে শিকাগো শহরের অপর একটি সড়কের নামকরণ করা হয়েছিল 'অনারারি জিয়াউর রহমান ওয়ে'।
Comments