সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তাদের ৬৬ কৃতী সন্তানকে সংবর্ধনা
চলতি ২০২৬ সালের এসএসসি ও ও-লেভেল পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখা কর্মকর্তাদের ৬৬ জন মেধাবী সন্তানকে সংবর্ধনা ও পুরস্কার দিয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ও-লেভেল পরীক্ষায় সর্বনিম্ন ৬টি বিষয়ে 'এ' গ্রেড অর্জনকারী শিক্ষার্থীদের এই সম্মাননা দেওয়া হয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উপহারসামগ্রী তুলে দেন সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম. এ. কাশেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান।
প্রধান অতিথির বক্তব্যে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম. এ. কাশেম বলেন, "আজকের এই কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। মনে রাখতে হবে, 'স্কাই ইজ দ্য লিমিট'—স্বপ্ন দেখার এবং সাফল্য অর্জনের কোনো নির্দিষ্ট সীমা নেই। আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম, সততা ও অধ্যবসায়কে সঙ্গী করে এগিয়ে গেলে জীবনের যেকোনো উচ্চতায় পৌঁছানো সম্ভব। আজকের এই অর্জন যেন তাদের ভবিষ্যতের আরও বড় সাফল্যের সোপান হয়ে ওঠে।"
তিনি আরও বলেন, "তাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পরিবার ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। সাউথইস্ট ব্যাংক সবসময় মেধা, প্রতিভা ও সাফল্যের স্বীকৃতি দিতে গর্ববোধ করে এবং আগামীতেও তরুণ প্রজন্মের সম্ভাবনাকে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসির ভাইস চেয়ারপারসন রেহানা রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদ এবং বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী। এ ছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, কৃতী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগ কেবল শিক্ষার্থীদের ব্যক্তিগত মেধাকেই স্বীকৃতি দেয়নি, বরং ব্যাংকে কর্মরত তাদের মা-বাবা এবং পরিবারের অবদানকেও সম্মান জানিয়েছে। শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতার প্রতি দীর্ঘমেয়াদি অঙ্গীকারের অংশ হিসেবেই কর্মীদের ও তাদের পরিবারের সার্বিক কল্যাণে সাউথইস্ট ব্যাংক এই আয়োজন করেছে।
Comments