নাহিদ ইসলামের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সংলাপ আজ
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ধারাবাহিক আলোচনার প্রথম দিনে আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সরকারপ্রধানের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল এই সংলাপে অংশ নেবে।
সংলাপে এনসিপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে বাকি দুই সদস্য হিসেবে থাকবেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
সংলাপে অংশগ্রহণের বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, দেশের সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংলাপের আহ্বানে তার দল সাড়া দেবে। এর আগে গতকাল রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক জরুরি ব্রিফিংয়ে তিনি চলমান রাজনীতি ও জাতীয় ঐক্য নিয়ে দলের অবস্থান তুলে ধরেন।
নাহিদ ইসলাম বলেন, "জাতীয় ঐক্যের কথা আমরাই সর্বপ্রথম বলেছিলাম। ২০২৪ সালের ৫ আগস্ট থেকেই আমরা বলে আসছি যে, জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি জাতীয় সরকার প্রয়োজন। কারণ, পতিত শক্তি ভারতের সহযোগিতায় বাংলাদেশের জনগণ ও জুলাই বিপ্লবের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র চালিয়ে যেতে পারে। তাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক ও সামাজিক শক্তির ঐক্যবদ্ধ থাকা জরুরি।"
তবে বিএনপির বিরুদ্ধে জাতীয় ঐক্য ও গণঅভ্যুত্থানের অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলে নাহিদ ইসলাম আরও বলেন, বিএনপি শুরুতে ঐক্যের আহ্বানে সাড়া না দিয়ে প্রথমবার ঐক্য ভঙ্গ করেছিল। পরবর্তীতে দ্বিতীয়বারের মতো নির্বাচনের সময় গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার পরিষদের শপথ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিসহ সব রাজনৈতিক দল অঙ্গীকার করেছিল এবং 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। কিন্তু নির্বাচনের ঠিক পরপরই সংবিধান সংস্কারের শপথ গ্রহণ না করে বিএনপি দ্বিতীয়বারের মতো জাতীয় ঐক্য ও জনগণের প্রতি দেওয়া অঙ্গীকার ভঙ্গ করে। গত ৭ মাস ধরে দলটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই গণরায়কে অস্বীকার করে আসছে বলেও তিনি মন্তব্য করেন।
এনসিপির সঙ্গে এই সংলাপ ও জাতীয় ঐক্যের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, "জাতীয় স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করতে যে ষড়যন্ত্র চলছে, তা কোনো একক দলের বিষয় নয়, বরং পুরো জাতির বিষয়। যেসব দেশপ্রেমিক রাজনৈতিক দল দেশের উন্নতি চায়, এই জায়গায় তাদের সবার ঐক্যবদ্ধ থাকা উচিত।"
একই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, "আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল হিসেবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আর এটি মোকাবিলার জন্যই জাতীয় ঐক্য প্রয়োজন। ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে যেভাবে স্বৈরাচার হটানো হয়েছে, ঠিক সেভাবেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।"
Comments