৩৪ জেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৭ প্রতিষ্ঠানকে জরিমানা
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরবরাহব্যবস্থা সচল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগরসহ ৩৪টি জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭৭টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) অধিদপ্তরের ৪৮টি দল একযোগে পাইকারি ও খুচরা বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে।
অধিদপ্তর জানায়, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করতে এ কার্যক্রম চালানো হয়। এ ছাড়া নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল-ভেজাল খাদ্যপণ্যের উৎপাদন ও বিপণন বন্ধে তদারকি করা হয়। হোটেল-রেস্তোরাঁয় প্রচলিত আইন ও বিধিবিধান মানা হচ্ছে কি না, তাও পরীক্ষা করেন অভিযান পরিচালনাকারীরা।
অভিযানকালে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি, অযৌক্তিকভাবে পণ্য মজুদ এবং সরবরাহে বাধা সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি দোকানে হালনাগাদ মূল্যতালিকা টাঙানো এবং পণ্য বিক্রিতে সঠিক ওজন ও পরিমাপ বজায় রাখার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের বাবুরহাট বাজারে শুঁটকি মাছের ব্যবসাপ্রতিষ্ঠানে অনিয়মের সন্ধান পাওয়া যায়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শুঁটকি মাছে কৃত্রিম রং মেশানো, পচা ও নষ্ট মাছ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাছ রাখার প্রমাণ মেলে।
এসব অপরাধে উত্তম কুমার সরকারকে ১০ হাজার, আমিন পাটোয়ারীকে ৫ হাজার এবং একতা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি পচা ও নষ্ট শুঁটকি এবং মাছের সঙ্গে ব্যবহৃত রং ধ্বংস করা হয়। অভিযানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
অন্যদিকে, গাজীপুরের কোনাবাড়ী এলাকায় পশুখাদ্য বিক্রির দোকানগুলোতে অভিযান চালানো হয়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ফিড বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। বিভিন্ন সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা কার্যক্রমে সহযোগিতা করেন।
ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, বাজারে কৃত্রিম সংকট এড়াতে প্রয়োজনের অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকতে হবে। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদ যাচাই করার পরামর্শও দিয়েছে সংস্থাটি। পাশাপাশি সঠিক ওজন নিশ্চিত করা এবং কেনাকাটার পর বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।
পণ্য কেনার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।
বাজারে ন্যায্যমূল্য, শৃঙ্খলা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে অধিদপ্তর।
Comments