শেয়ারবাজারে বড় উত্থান, ডিএসইতে লেনদেন ১ হাজার ২২০ কোটি টাকা
সপ্তাহের প্রথম কার্যদিবসেই চাঙা ছিল দেশের শেয়ারবাজার। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৫৯ পয়েন্ট। পাশাপাশি উল্লেখযোগ্য হারে বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন ডিএসইতে ১ হাজার ২২০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে, যা প্রায় সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে সেখানেও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস দেশের দুই শেয়ারবাজারেই সূচক বাড়ল। তবে সিএসইতে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কমেছে।
রোববার (২২ নভেম্বর) ডিএসইতে লেনদেন শুরুর পর থেকেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে। এতে দিনের শুরুতেই সূচকে ইতিবাচক প্রভাব পড়ে। লেনদেনের শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত ছিল। বরং শেষ সময়ে বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার গতি আরও বেড়ে যায়।
দিন শেষে ডিএসইতে মোট ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। এর মধ্যে ২১২টির দাম বেড়েছে, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত ছিল ৫৬টির।
ভালো মানের বা ১০ শতাংশ কিংবা তার বেশি লভ্যাংশ দেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৮টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত ছিল ২০টির দাম। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৮টির দাম বেড়েছে, কমেছে ১০টির এবং অপরিবর্তিত ছিল দুটির।
এদিকে, 'জেড' গ্রুপের ৪৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম। অন্যদিকে, মিউচুয়াল ফান্ডের মধ্যে পাঁচটির দাম বেড়েছে, কমেছে ১১টির এবং অপরিবর্তিত ছিল ১৫টির।
প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বাড়ার প্রভাবে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৫৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে এক পয়েন্ট। দিন শেষে সূচকটি দাঁড়িয়েছে ১ হাজার ৭৫ পয়েন্টে। আর বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৪ পয়েন্ট। এতে সূচকটি পৌঁছেছে ২ হাজার ১০০ পয়েন্টে।
সূচকের পাশাপাশি লেনদেনেও বড় উল্লম্ফন দেখা গেছে। রোববার ডিএসইতে মোট ১ হাজার ২২০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ৭৪৬ কোটি ৬৩ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪৭৩ কোটি ৫১ লাখ টাকা।
এর আগে গত ২ আগস্ট ডিএসইতে ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এরপর প্রায় সাড়ে তিন মাসের মধ্যে এটিই সর্বোচ্চ লেনদেন।
এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির ৫৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা মালেক স্পিনিংয়ের লেনদেনের পরিমাণ ৪৮ কোটি ১১ লাখ টাকা। আর ৩৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল।
লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, প্রাইম ব্যাংক, একমি পেস্টিসাইড, সিটি ব্যাংক ও এনভয় টেক্সটাইল।
অন্যদিকে, সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। কমেছে ৫১টির এবং অপরিবর্তিত ছিল ২০টির দাম।
এতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৩ পয়েন্ট বেড়েছে। তবে বাজারটিতে লেনদেনের পরিমাণ কমে দাঁড়িয়েছে ২০ কোটি ৫৭ লাখ টাকায়। আগের কার্যদিবসে এই বাজারে ২৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
Comments