বিদেশের ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ টাকা
বিদেশে বাংলাদেশের ৮৪টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষাভাতার পরিমাণ নতুন করে নির্ধারণ করেছে সরকার। মিশনগুলোর অবস্থান ও শিক্ষা ব্যয়ের পার্থক্য বিবেচনায় চারটি গ্রুপে ভাগ করে এ ভাতার সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে দুই সন্তানের জন্য সর্বোচ্চ ৩৮ হাজার মার্কিন ডলার বা প্রায় ৪৭ লাখ ৩৪ হাজার টাকা শিক্ষাভাতা পাওয়া যাবে।
গত ১৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন উপসচিব র. হ. ম. আলাওল কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২০ এপ্রিলের চিঠির পরিপ্রেক্ষিতে শিক্ষাভাতা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চারটি গ্রুপের মধ্যে 'ক' গ্রুপের ১৫টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সবচেয়ে বেশি শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে। এসব মিশনে এ-লেভেল পর্যায়ে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২৫ হাজার ডলার এবং দুই সন্তানের জন্য ৩৫ হাজার ডলার দেওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়েও একজন সন্তানের জন্য ২৫ হাজার ডলার এবং দুই সন্তানের জন্য সর্বোচ্চ ৩৮ হাজার ডলার শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে।
'ক' গ্রুপে রয়েছে চীনের বেইজিং ও হংকং, দক্ষিণ কোরিয়ার সিউল, জাপানের টোকিও, ইন্দোনেশিয়ার জাকার্তা, কাতারের দোহা এবং ইউরোপের ব্রাসেলস, জেনেভা, হেগ, স্টকহোম, ওয়ারশ, ভিয়েনা, মিলান, প্যারিস ও মস্কোর বাংলাদেশ মিশন।
'খ' গ্রুপে রয়েছে ৪১টি মিশন। এ গ্রুপে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক—দুই পর্যায়েই একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২১ হাজার ডলার এবং দুই সন্তানের জন্য ৩২ হাজার ডলার শিক্ষাভাতা দেওয়া হবে। এ তালিকায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো ও ব্রাজিলসহ বিভিন্ন দেশের বাংলাদেশ মিশন রয়েছে। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং জেদ্দায় ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনও এ গ্রুপের অন্তর্ভুক্ত।
'গ' গ্রুপের ১৯টি মিশনে এ-লেভেল ও স্নাতক পর্যায়ে একই হারে শিক্ষাভাতা দেওয়া হবে। একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২১ হাজার ডলার এবং দুই সন্তানের জন্য ২৮ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। এ গ্রুপে সিঙ্গাপুর, ভিয়েতনাম, ফিলিপাইন, ব্রুনাই, মালদ্বীপ, লেবানন, বাহরাইন, মিসর, ইরান, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, লিবিয়া, সিয়েরা লিওন, গ্রিস, ডেনমার্ক, জার্মানি ও পর্তুগালের বাংলাদেশ মিশন রয়েছে।
অন্যদিকে, 'ঘ' গ্রুপের নয়টি মিশনে শিক্ষাভাতার সীমা তুলনামূলক কম। এ-লেভেল পর্যায়ে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২০ হাজার ৫০০ ডলার এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে একজন সন্তানের জন্য ২১ হাজার ডলার এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। এ গ্রুপে রয়েছে চীনের কুনমিং, শ্রীলঙ্কার কলম্বো, ভারতের কলকাতা, গৌহাটি ও আগরতলা, উজবেকিস্তানের তাসখন্দ, ওমানের মাস্কাট, মরক্কোর রাবাত এবং মরিশাসের পোর্ট লুইসের বাংলাদেশ মিশন।
শিক্ষাভাতা ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করতে কয়েকটি শর্তও দিয়েছে অর্থ বিভাগ। নিয়ম অনুযায়ী, সন্তানের পড়াশোনার মোট ব্যয়ের ১৫ শতাংশ সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীকে বহন করতে হবে। বাকি ৮৫ শতাংশ সরকার নির্ধারিত সীমার মধ্যে পরিশোধ করবে। তবে কোনো অবস্থাতেই সরকারি ভাতার পরিমাণ সংশ্লিষ্ট গ্রুপের নির্ধারিত সর্বোচ্চ সীমা ছাড়াতে পারবে না।
একই সময়ে সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে। অর্থাৎ, কারও দুইয়ের বেশি সন্তান থাকলেও একসঙ্গে দুজনের শিক্ষার জন্যই ভাতা দেওয়া হবে।
এ ছাড়া শিক্ষাভাতার অর্থ কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত ব্যাংক হিসাবে পাঠানো যাবে না। ব্যাংকিং চ্যানেল, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের হিসাবে অর্থ পাঠাতে হবে। তবে কোনো প্রতিষ্ঠানে একবারে সম্পূর্ণ ফি পরিশোধের নিয়ম থাকলে প্রয়োজনীয় প্রমাণপত্র এবং কর্মকর্তা-কর্মচারীর নিজস্ব ১৫ শতাংশ অর্থ জমা দেওয়ার শর্তে মিশন কর্তৃপক্ষ পুরো ফি পরিশোধ করতে পারবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যেসব দেশে মাধ্যমিক বা উচ্চশিক্ষা পর্যায়ে ইংরেজিতে পড়াশোনার পর্যাপ্ত সুযোগ নেই, সেসব দেশে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সন্তানদের অন্য কোনো ইংরেজিভাষী দেশে পড়ানোর ব্যবস্থা করতে পারবেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা যে বাংলাদেশ মিশনে কর্মরত, সেই মিশনের জন্য নির্ধারিত সীমা অনুযায়ী শিক্ষাভাতা দেওয়া হবে।
Comments