পুরনো এসি বদলে ওয়ালটনের নতুন এসিতে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়
যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি জমা দিয়ে নতুন ইনভার্টার এসি কেনার ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ওয়ালটন। 'এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার' নামে দেশজুড়ে এ সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি। এর আওতায় গ্রাহকেরা পুরনো স্প্লিট, ক্যাসেট বা সিলিং টাইপ এসি বদলে ওয়ালটনের বিভিন্ন মডেলের ইনভার্টার এসি কিনতে পারবেন।
সম্প্রতি রাজধানীতে ওয়ালটনের করপোরেট কার্যালয়ে আয়োজিত 'এসি এক্সচেঞ্জ কার্নিভাল' অনুষ্ঠানে এ অফারের বিস্তারিত তুলে ধরা হয়।
প্রতিষ্ঠানটি জানায়, গত ৩ নভেম্বর থেকে শুরু হওয়া এ অফার পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। দেশের যেকোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুমে পুরনো এসি জমা দিয়ে এ সুবিধা নেওয়া যাবে। পুরনো এসি জমা দিলে নতুন ইনভার্টার এসির দামের ওপর সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাবেন গ্রাহকেরা।
অফারের আওতায় পৌনে এক টন থেকে আড়াই টন ক্ষমতার ইনভার্টার স্প্লিট এসি এবং দেড় থেকে পাঁচ টন ক্ষমতার ইনভার্টার ক্যাসেট ও সিলিং টাইপ এসি কেনার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ২০১৯ সাল থেকে পুরনো এসি বদলে পরিবেশবান্ধব নতুন এসি দেওয়ার কার্যক্রম চালিয়ে আসছে। এর মাধ্যমে ওজোন স্তরের জন্য ক্ষতিকর সিএফসি ও এইচসিএফসি গ্যাসযুক্ত পুরনো এসি পর্যায়ক্রমে সরিয়ে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ওয়ালটন বর্তমানে আর-৩২ ও আর-২৯০ রেফ্রিজারেন্ট ব্যবহার করে বিভিন্ন মডেলের এসি উৎপাদন ও বাজারজাত করছে। প্রতিষ্ঠানটির দাবি, এসব প্রযুক্তির ব্যবহার পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব কমানোর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়েও ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে জানানো হয়, আবাসিক ব্যবহারের পাশাপাশি বাণিজ্যিক ও বড় স্থাপনার জন্যও ইনভার্টার প্রযুক্তির এসি তৈরি করছে ওয়ালটন। এসব পণ্যের মধ্যে রয়েছে ভিআরএফ ও চিলার প্রযুক্তির পাশাপাশি ক্যাসেট ও সিলিং টাইপ এসি।
এ ছাড়া গ্রাহকদের জন্য এসিতে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধা এবং কম্প্রেসরে সর্বোচ্চ ১২ বছরের গ্যারান্টি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments