শুটকি মাছে কৃত্রিম রঙ মিশিয়ে বিক্রি, স্বাস্থ্য ঝুঁকিত ক্রেতারা
খাদ্যপণ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের কারণে জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে চাঁদপুরে। এবার বাবুরহাট বাজারে শুটকি মাছে কৃত্রিম রঙ মিশিয়ে বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের পাশাপাশি বাসি-পচা মাংস বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২২ নভেম্বর) চাঁদপুরের বাবুরহাট বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিচালিত অভিযানে এসব অনিয়মের প্রমাণ পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, শুটকি মাছে কৃত্রিম রঙ মিশিয়ে বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের অপরাধে উত্তম কুমার সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে আমিন পাটোয়ারীকে ৫ হাজার টাকা এবং বাসি-পচা মাংস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে একতা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিন প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযানকালে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষ। পাশাপাশি নষ্ট ও পচা মাংস এবং রঙ মেশানো শুটকি মাছ ধ্বংস করা হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকারও করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
এদিকে, বাজারে রঙ মেশানো শুটকি মাছ ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষিত খাদ্যপণ্য বিক্রির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। ক্রেতা জসিম, মিজান, হোসেনসহ অনেকে বলেন, খাবারে ক্ষতিকর রাসায়নিক ও ভেজাল উপাদান মেশানো হলে তা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। দীর্ঘমেয়াদে এসব খাদ্য গ্রহণের ফলে বিভিন্ন জটিল রোগের আশঙ্কা রয়েছে। তাই শুধু জরিমানা করেই দায়িত্ব শেষ না করে পুনরায় একই অপরাধ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
স্বাস্থ্য সচেতন মহলের মতে, খাদ্যপণ্যে অননুমোদিত কৃত্রিম রঙের ব্যবহার, পচা মাংস বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সংরক্ষণ ভোক্তাদের খাদ্যনিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে। বিশেষ করে মাছ ও মাংসের মতো দ্রুত পচনশীল খাদ্য সঠিক পরিবেশে সংরক্ষণ না করা হলে খাদ্যবাহিত অসুস্থতার ঝুঁকি বাড়তে পারে। ফলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির প্রতিটি পর্যায়ে নিয়মিত নজরদারি জরুরি।
অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বা পণ্য বিক্রি না করা এবং অবৈধ মজুতদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভোক্তাদের সচেতন করতে বিভিন্ন প্রতিষ্ঠানে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
জনস্বার্থে বাজারে ভেজাল, অনিয়ম ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
Comments