গণহত্যায় আইসিজের রায়,ফিরবে কি রোহিঙ্গারা নিজ দেশে?
রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘদিনের বঞ্চনা, নিপীড়ন ও অস্তিত্বের সংকট নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ে নতুন মোড় নিল এক দীর্ঘ বিচারিক লড়াই। গাম্বিয়ার দায়ের করা মামলায় গত ১৯ নভেম্বর মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে অভিযুক্ত করেছে আদালত। ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক অভিযানে সংঘটিত নৃশংসতার আন্তর্জাতিক বিচারিক স্বীকৃতি মিলল এই রায়ের মধ্য দিয়ে। শুধু রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচারের প্রশ্নেই নয়,বাংলাদেশের দীর্ঘদিনের কূটনৈতিক ও মানবিক অবস্থানের ক্ষেত্রেও এই রায় তাৎপর্যপূর্ণ।
২০১৭ সালের ২৫ আগস্ট। রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনা অভিযানের পর প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করেন লাখ লাখ রোহিঙ্গা। নারী,শিশু ও বৃদ্ধ,কেউই বাদ যাননি সেই ভয়াবহতা থেকে। নির্বিচারে হত্যা,ধর্ষণ,অগ্নিসংযোগ,নির্যাতন এবং বাস্তুচ্যুতির ঘটনায় কার্যত জনশূন্য হয়ে পড়ে বহু গ্রাম। প্রাণের তাগিদে ঘরবাড়ি,জমিজমা,সম্পত্তি ফেলে বাংলাদেশের কক্সবাজার ও আশপাশের এলাকায় আশ্রয় নিতে বাধ্য হন বিপুলসংখ্যক মানুষ। বর্তমানে নতুন ও পুরনো মিলিয়ে বিপুল রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘস্থায়ী অবস্থান বাংলাদেশের জন্য এক গভীর মানবিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এই ভয়াবহতার বিচার চেয়ে ২০১৯ সালে আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হয়েছিল পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। দীর্ঘ আইনি প্রক্রিয়া,তথ্যপ্রমাণ,সাক্ষ্য এবং যুক্তিতর্কের পর ১৯ নভেম্বর ২০২৬-এ আদালত জানায়,২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা সংঘটিত করেছে। আদালতের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের ইতিহাসেও এক গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথম বার কোনও রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী বলে ঘোষণা করল আইসিজে।
রায়ে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার আন্তর্জাতিক দায়বদ্ধতা লঙ্ঘনের বিষয়টিও উঠে এসেছে। অপরাধের প্রমাণ সংরক্ষণের ক্ষেত্রেও মিয়ানমার তার দায়িত্ব পালন করেনি বলে জানিয়েছে আদালত। পাশাপাশি ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি রোধ,দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় বিচার এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আইসিজে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়,বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ,স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে মিয়ানমারকে। বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলিকে পুনর্মিলনের সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছে। ক্ষতিপূরণের পরিমাণ ও তার পদ্ধতি পরবর্তী বিচারিক পর্যায়ে নির্ধারণ করা হবে। অর্থাৎ,শুধু অতীতের অপরাধের দায় স্বীকার নয়,ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার পুনঃপ্রতিষ্ঠার দায়িত্বও মিয়ানমারের উপর বর্তেছে।
এই রায় বাংলাদেশের জন্যও এক ধরনের নৈতিক ও কূটনৈতিক স্বীকৃতি। ২০১৭ সালের পর থেকে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিক দায়িত্ব পালন করেছে, আন্তর্জাতিক আদালতের রায় সেই অবস্থানকে আরও শক্তিশালী করেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং মিয়ানমারের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়ে এসেছে। আইসিজের রায়ে সেই দাবির পক্ষে আন্তর্জাতিক আইনের শক্ত ভিত তৈরি হল।
তবে রায় ঘোষণার মধ্যেই সংকটের সমাধান দেখছেন না বিশেষজ্ঞেরা। কারণ,আন্তর্জাতিক আদালতের রায় আইনত বাধ্যতামূলক হলেও তা কার্যকর করার জন্য আদালতের নিজস্ব কোনও নির্বাহী বাহিনী নেই। রাষ্ট্রপুঞ্জের সনদের ৯৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী,কোনও পক্ষ রায় না মানলে বিষয়টি নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ রয়েছে। ফলে রায় বাস্তবায়নে নিরাপত্তা পরিষদ এবং প্রভাবশালী রাষ্ট্রগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
সেখানেই রয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক জটিলতা। মিয়ানমারের সামরিক শাসনের অনীহা,আঞ্চলিক ভূরাজনৈতিক স্বার্থ,আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক এবং প্রভাবশালী দেশগুলির কৌশলগত অবস্থান রায় কার্যকরের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আন্তর্জাতিক মহলে নিন্দা বা বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না। মিয়ানমারের উপর কার্যকর কূটনৈতিক চাপ তৈরি করতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের অধিকার,নিরাপত্তা এবং নাগরিক পরিচয়ের প্রশ্নেও স্পষ্ট অবস্থান নিতে হবে।
অন্য দিকে,বাংলাদেশের উপর এই সংকটের চাপ ক্রমশ বাড়ছে। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক শরণার্থীর অবস্থানের ফলে কক্সবাজার ও উখিয়ার পরিবেশ,বনভূমি,জীববৈচিত্র্য এবং স্থানীয় অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়ছে। স্বাস্থ্য,শিক্ষা,কর্মসংস্থান,নিরাপত্তা ও মানবিক সহায়তার ক্ষেত্রেও বাড়ছে চাপ। স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রায় তৈরি হচ্ছে নানা ধরনের সংকট। আন্তর্জাতিক সহায়তার পরিমাণ কমে গেলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
এই পরিস্থিতিতে বাংলাদেশের সামনে প্রয়োজন সমন্বিত ও সুদূরপ্রসারী কূটনৈতিক পরিকল্পনা। গাম্বিয়া-সহ মামলায় যুক্ত দেশগুলির সঙ্গে যোগাযোগ বাড়ানো,রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন এবং আঞ্চলিক শক্তিগুলিকে সক্রিয় করার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি আসিয়ান,ওআইসি,ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের মাধ্যমে মিয়ানমারের উপর ধারাবাহিক চাপ বজায় রাখতে হবে। প্রত্যাবাসনের আগে রোহিঙ্গাদের নিরাপত্তা,নাগরিক অধিকার,চলাচলের স্বাধীনতা এবং জীবিকার নিশ্চয়তা নিশ্চিত করার প্রশ্নেও কোনও আপস করা চলবে না।
সব মিলিয়ে,আইসিজের ঐতিহাসিক রায় রোহিঙ্গা সংকটের দীর্ঘ অন্ধকারে ন্যায়বিচারের এক নতুন আলো দেখিয়েছে। সাত বছরের বিচারিক লড়াইয়ের শেষে আন্তর্জাতিক আদালতের এই সিদ্ধান্ত রোহিঙ্গাদের যন্ত্রণাকে বিশ্বমঞ্চে আরও দৃঢ় ভাবে প্রতিষ্ঠা করল। বাংলাদেশের দীর্ঘদিনের মানবিক অবস্থানও পেল নতুন কূটনৈতিক শক্তি। কিন্তু বিচারিক স্বীকৃতি আর বাস্তব জীবনে ন্যায়বিচার এক বিষয় নয়। অপরাধীদের জবাবদিহি,ক্ষতিপূরণ এবং নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত না হলে এই রায়ের পূর্ণ তাৎপর্য অধরাই থেকে যাবে।
ইতিহাসের কাছে দায় স্বীকার করল মিয়ানমার। এ বার সেই দায় বাস্তবে পালনের পালা। রোহিঙ্গাদের ঘরে ফেরার অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় কতটা দায়িত্ব নেয়,তার উপরই নির্ভর করছে এই ঐতিহাসিক রায়ের প্রকৃত সাফল্য।
Comments