বিশ্বে বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর
বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক (একিউআই) দাঁড়িয়েছে ৪৮৯-এ, যা বিপজ্জনক পর্যায়ের দূষণ নির্দেশ করে। অন্যদিকে ১৩৪ স্কোর নিয়ে এ তালিকায় ১১তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত বিশ্বের প্রধান শহরগুলোর সরাসরি বায়ুমান সূচক থেকে এ তথ্য পাওয়া গেছে।
তালিকায় ২৪৫ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ২০১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মিসরের কায়রো।
এ ছাড়া চতুর্থ অবস্থানে আফগানিস্তানের কাবুল (১৭৫), পঞ্চমে ভারতের মুম্বাই (১৭৪), ষষ্ঠে ভিয়েতনামের হ্যানয় (১৭১), সপ্তমে পাকিস্তানের করাচি (১৬২), অষ্টমে চীনের চেংদু (১৬১), নবমে ইরাকের বাগদাদ (১৫৫) এবং দশম অবস্থানে রয়েছে কাতারের দোহা (১৩৭)।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ১৩৪ স্কোর নিয়ে ঢাকার বায়ুমান রয়েছে 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' পর্যায়ে। এ ধরনের বায়ুদূষণে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।
একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৫০০ বিপজ্জনক বায়ুমানের নির্দেশক।
Comments