পেশার ব্যস্ততা ছাপিয়ে সিডনিতে বরিশাল শেরে বাংলা মেডিকেলের প্রাক্তন চিকিৎসকদের মিলনমেলা
মানুষের সেবাই যাদের পেশা ও নেশা, অন্যের সুস্থতা নিশ্চিত করতেই যাদের দিনের বড় একটি সময় কাটে হাসপাতাল, অপারেশন থিয়েটার কিংবা রোগীর শয্যাপাশে—সেই চিকিৎসকদের জীবনেও থাকে পরিবার, বন্ধুত্ব আর আনন্দের আকাঙ্ক্ষা। পেশাগত ব্যস্ততার বাইরে পরিবার-পরিজন নিয়ে কিছুটা সময় কাটানো এবং পুরোনো স্মৃতির বন্ধনে এক হওয়ার সুযোগ করে দিতে সিডনিতে আয়োজন করা হয় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা।
সিডনির বোটানিক গার্ডেনে আয়োজিত এ অনুষ্ঠানে সিডনি ও ক্যানবেরায় বসবাসরত কলেজটির প্রাক্তন চিকিৎসকরা পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেন। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই মিলনমেলা পরিণত হয় আনন্দ, স্মৃতিচারণ ও পারস্পরিক সৌহার্দ্যের এক উৎসবে।
চিকিৎসাসেবার মতো দায়িত্বপূর্ণ পেশায় নিয়োজিত এসব চিকিৎসকের অনেকেরই দিনের বড় অংশ কাটে রোগীদের সেবায়। ফলে পরিবারকে পর্যাপ্ত সময় দেওয়ার সুযোগ সব সময় হয়ে ওঠে না। সেই ব্যস্ততার মধ্যেই পরিবার নিয়ে এমন আয়োজন তাদের জন্য হয়ে ওঠে স্বস্তি ও আনন্দের উপলক্ষ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আলোকচিত্রী আকাশ দে'র ক্যামেরায় প্রতিটি পরিবারের বিশেষ মুহূর্ত ধারণের আয়োজন। প্রায় ৬০টি পরিবার ফ্রেমবন্দি হয়ে স্মরণীয় করে রাখেন এই মিলনমেলার মুহূর্তগুলো।
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সন্তানদের বাংলাদেশের সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেও ছিল বিশেষ উদ্যোগ। শিশুদের জন্য আয়োজন করা হয় নানা ধরনের খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম। এতে পরিবারের সদস্যদের অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
চিকিৎসকদের অনেকেই এদিন ফিরে যান শৈশবের স্মৃতিতে। বয়স ও পেশাগত পরিচয়ের গাম্ভীর্য ভুলে তারা অংশ নেন গ্রামবাংলার ঐতিহ্যবাহী বালিশ খেলায়। ছিল হাঁড়ি ভাঙার খেলাও। প্রতিদিন যারা হাড়ভাঙা রোগীদের চিকিৎসা করেন, সেই চিকিৎসকরাই এদিন নিজেরা হাঁড়ি ভাঙার চেষ্টায় নামেন। তবে অপারেশন থিয়েটারের দক্ষতা মাঠের খেলায় কাজে লাগেনি কারও! হাসি-আনন্দে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা।
আয়োজকরা জানান, এই মিলনমেলা শুধু বিনোদন কিংবা পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার আয়োজন নয়; বরং প্রবাসে পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করার একটি উদ্যোগ।
আগামী বছর পুরো অস্ট্রেলিয়ায় বসবাসরত চিকিৎসকদের নিয়ে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের।
এদিকে, অনুষ্ঠানে নতুন প্রজন্মের চিকিৎসা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোরও অঙ্গীকার ব্যক্ত করেন প্রতিষ্ঠিত চিকিৎসকরা। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় চিকিৎসাবিজ্ঞানে পড়তে আসা শিক্ষার্থীদের পাশাপাশি পড়াশোনা শেষে কর্মসংস্থানের ক্ষেত্রে যারা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা দেওয়ার প্রত্যয় জানান তারা।
শেকড়ের টানে এক হওয়া, পরিবারকে সময় দেওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে সিডনির এই আয়োজন প্রবাসে বাংলাদেশি চিকিৎসকদের পারস্পরিক বন্ধন ও সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকল।
Comments