হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা, বাড়ছে উত্তেজনা
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালিতে দুটি ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার পথে একটি ট্যাঙ্কারের পেছনের অংশে অজ্ঞাত বস্তু আঘাত হানে। শনিবার এ হামলার বিষয়টি নিশ্চিত করে ইউকেএমটিও।
এরপর খাসাব উপকূল থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল পূর্বে আরেকটি ট্যাঙ্কারের ইঞ্জিন কক্ষে অজ্ঞাত প্রোজেক্টাইল আঘাত হানার খবর জানায় সংস্থাটি। তবে দুটি হামলার ঘটনায় একই জাহাজ জড়িত কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইউকেএমটিও জানিয়েছে, হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে জাহাজ দুটি থেকে তেল বা অন্য কোনো ক্ষতিকর পদার্থ ছড়িয়ে পরিবেশের ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য মেলেনি।
এর আগে শুক্রবার খাসাব উপকূলের কাছেই আরেকটি ট্যাঙ্কারে একই ধরনের হামলার ঘটনা ঘটে। ওই হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইউকেএমটিও।
ওমানের মুসান্দাম উপদ্বীপে অবস্থিত খাসাব হরমুজ প্রণালির প্রবেশমুখের কাছে। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে সংঘাত শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেলের সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হতো।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত ছড়িয়ে পড়ার পর তেহরান হরমুজ প্রণালি বন্ধের উদ্যোগ নেয়। এরপর থেকে এই জলপথে আন্তর্জাতিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সূত্র: এএফপি।
Comments