গণভোটের রায় মানার শর্তে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের ঘোষণা জামায়াতের
রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করে দলটি।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশের আয়োজন করা হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে জামায়াত। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতেও দলটি রাজনৈতিকভাবে সক্রিয় থাকবে।
সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না এবং সরকারের এমপি-মন্ত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছেন, তাকে মন্ত্রিসভায় রাখা উচিত কি না, তা প্রধানমন্ত্রীকে বিবেচনা করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়ে পুলিশ থানা ছেড়ে পালানোর মতো পরিস্থিতির জন্যও তিনি বিএনপি সরকারকে দায়ী করেন।
প্রধানমন্ত্রীকে সতর্ক করে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি নেতাদের বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তারের খবর সরকার ও বিএনপির জন্য ইতিবাচক নয়। এসব ব্যক্তিই একসময় সরকারকে ব্যর্থতার দিকে ঠেলে দিতে পারে।
তবে এই মুহূর্তে সরকারকে পদত্যাগের আহ্বান জানাচ্ছেন না উল্লেখ করে তিনি বলেন, জামায়াত চায় সরকার ভুল সিদ্ধান্ত থেকে সরে এসে সঠিক পথে দেশ পরিচালনা করুক।
গণভোটের গুরুত্ব তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকলেই সব সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী হয় না। টেকসই আইন ও সাংবিধানিক সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়ন জরুরি। তাঁর দাবি, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে 'হ্যাঁ' ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছেন। তাই সংসদে বিল উত্থাপন করে সরকারি ও বিরোধী দলের সম্মিলিত উদ্যোগে সেই রায় কার্যকর করা প্রয়োজন।
একদলীয় সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করলে অতীতের মতোই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে জামায়াত এবং সরকারকে সহযোগিতা করবে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনীর প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর থেকে দেশের বিভিন্ন সংকটে সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশপ্রেমিক সেনাবাহিনী বিভিন্ন সময়ে জনগণের পাশে দাঁড়িয়েছে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। সরকারের এমপি-মন্ত্রীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে তিনি বলেন, ভারত থেকে সাত বছরের প্রশিক্ষণ নিয়ে দেশে আসা ব্যক্তিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়ে বিএনপি সরকার নিজেদের জন্য বিপদ ডেকে আনছে। তাঁর অভিযোগ, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী অন্য দেশের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে রফিকুল ইসলাম খান বলেন, শেখ হাসিনার হাতে রাষ্ট্রক্ষমতা ও পুরো রাষ্ট্রযন্ত্র থাকার পরও তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এখন শূন্য হাতে বাংলাদেশে ফিরে আসার স্বপ্ন বাস্তবায়িত হবে না।
জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় দেশে জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ঐক্য ফিরিয়ে আনতে সরকারকে গণভোটের রায় মেনে সনদ বাস্তবায়ন করতে হবে। তা হলে দেশে কোনো অপশক্তির পক্ষে নৈরাজ্য সৃষ্টি করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের সময় এমপি-মন্ত্রীদের গাড়ি কিংবা বাড়িতে হামলার ঘটনা ঘটেনি। অথচ বর্তমান সরকার নিজেদের জনপ্রতিনিধিদের নিরাপত্তাও নিশ্চিত করতে পারছে না। আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশের যৌথ সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সমঝোতা হয়েছিল বলে জামায়াতের ধারণা। তাঁর দাবি, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলায় বিএনপি ব্যর্থ হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন করা হলে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব হবে। এরপর পাড়া-মহল্লায় আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম অভিযোগ করেন, নির্বাচনে জামায়াতকে ঠেকাতে বিএনপি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছিল। এ কারণে এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হচ্ছে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, বিদেশে অবস্থান করেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের ভেতরে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। অথচ এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হচ্ছে। আওয়ামী লীগের উদ্দেশ্য নিরীহ কর্মী-সমর্থকদের ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারকে অকার্যকর করে দেওয়া।
তিনি বলেন, গণভোটের রায় উপেক্ষা করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্যে বিভক্তি তৈরি হয়েছে। সরকার গণরায় মেনে সনদ বাস্তবায়ন করলে ঐক্য অটুট থাকবে এবং জনগণ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে রাজপথে নামবে। পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সরকারের অতিরিক্ত ঘনিষ্ঠতার নীতিরও সমালোচনা করেন তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মাওলানা ইয়াছিন আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি পল্টন মোড় ও বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।
Comments