আপনার ফেসবুক আইডি অপরিচিতদের কাছে যাচ্ছে? বন্ধ করবেন যেভাবে
ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই 'পিপল ইউ মে নো' অপশনে পরিচিত ব্যক্তিদের পাশাপাশি অপরিচিত মানুষের প্রোফাইলও দেখতে পান। শুধু তাই নয়, অন্য ব্যবহারকারীদের ফ্রেন্ড সাজেশন তালিকায়ও নিজের প্রোফাইল প্রদর্শিত হতে পারে। ফোন নম্বর, ই-মেইল, পারস্পরিক বন্ধু, একই গ্রুপে যুক্ত থাকা এবং ফোনের কন্টাক্ট তালিকার মতো বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এসব পরামর্শ তৈরি করে ফেসবুক।
তবে কিছু প্রাইভেসি সেটিংস পরিবর্তন করে অন্যদের কাছে নিজের প্রোফাইল ফ্রেন্ড সাজেশন হিসেবে দেখানোর সম্ভাবনা কমানো যায়। এজন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
ফোন নম্বর ও ই-মেইলের মাধ্যমে খুঁজে পাওয়ার সুযোগ সীমিত করুন
প্রথমে ফেসবুক অ্যাপের মেনু বা প্রোফাইল ছবিতে ট্যাপ করে 'সেটিংস অ্যান্ড প্রাইভেসি' থেকে 'সেটিংস' অপশনে প্রবেশ করুন। এরপর 'অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি' বিভাগের 'হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ' অপশন নির্বাচন করুন।
সেখানে 'পিপল উইথ ইয়োর ফোন নাম্বার' এবং 'পিপল উইথ ইয়োর ই-মেইল অ্যাড্রেস' অপশনে আলাদাভাবে প্রবেশ করে 'নো ওয়ান' নির্বাচন করুন। এতে ফোন নম্বর ও ই-মেইল ঠিকানার ভিত্তিতে অন্যদের কাছে আপনার অ্যাকাউন্ট সাজেস্ট করার সুযোগ সীমিত হবে।
তবে এ পরিবর্তনের ফলে সব ধরনের ফ্রেন্ড সাজেশন বন্ধ হবে না। পারস্পরিক বন্ধু, একই গ্রুপে অংশগ্রহণ কিংবা অন্যান্য তথ্যের ভিত্তিতে ফেসবুক আপনার প্রোফাইল অন্যদের সামনে তুলে ধরতে পারে।
ফোনের কন্টাক্ট আপলোড বন্ধ রাখুন
ফেসবুক ও মেসেঞ্জারে ফোনের কন্টাক্ট আপলোড সুবিধা চালু থাকলে মোবাইলে সংরক্ষিত নম্বর ও ই-মেইল ঠিকানা ব্যবহার করে পরিচিত ব্যক্তিদের অ্যাকাউন্ট খুঁজে বের করা এবং সাজেশন দেখানো হতে পারে। তাই এ সুবিধা বন্ধ রাখা প্রাইভেসি নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এজন্য ফেসবুক অ্যাপের 'সেটিংস অ্যান্ড প্রাইভেসি' থেকে 'সেটিংস' অপশনে যান। এরপর 'অ্যাকাউন্টস সেন্টার' নির্বাচন করে 'ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস' অপশনে প্রবেশ করুন। সেখান থেকে 'আপলোড কন্টাক্টস' নির্বাচন করে নিজের ফেসবুক অ্যাকাউন্টের কন্টাক্ট আপলোড সুবিধা বন্ধ করুন।
মনে রাখতে হবে, কন্টাক্ট আপলোড বন্ধ করলেই আগে থেকে আপলোড করা তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় না। পুরোনো তথ্য সরানোর জন্য মেটার 'ম্যানেজ ইয়োর আপলোডেড কন্টাক্টস' পেজ থেকে সেগুলো আলাদাভাবে মুছে ফেলতে হবে। মেসেঞ্জারের কন্টাক্ট আপলোড সুবিধাও আলাদাভাবে বন্ধ করতে হবে।
অপ্রয়োজনীয় ফ্রেন্ড সাজেশন সরিয়ে ফেলুন
ফেসবুকের 'পিপল ইউ মে নো' তালিকায় এমন কারও প্রোফাইল দেখতে পেলে, যাকে আর সাজেশনে রাখতে চান না, তার নামের পাশে থাকা 'রিমুভ' অপশনে ট্যাপ করতে পারেন। এতে ওই ব্যক্তির প্রোফাইল আপনার সাজেশন তালিকা থেকে সরে যাবে।
এ ছাড়া নির্দিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ বা প্রোফাইল দেখার সুযোগ বন্ধ করতে চাইলে তাকে ব্লক করার সুবিধা রয়েছে। তবে ব্লক করার প্রভাব মূলত ওই নির্দিষ্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
পুরোপুরি ফ্রেন্ড সাজেশন বন্ধ করা কি সম্ভব?
ফেসবুকে 'পিপল ইউ মে নো' ফিচারটি সবার জন্য স্থায়ীভাবে বন্ধ করার নির্দিষ্ট কোনো একক সেটিংস নেই। ফলে প্রাইভেসি সেটিংস পরিবর্তন, কন্টাক্ট আপলোড বন্ধ এবং অপ্রয়োজনীয় সাজেশন সরিয়ে রাখার মাধ্যমে নিজের প্রোফাইল অন্যদের কাছে প্রদর্শিত হওয়ার কিছু পথ সীমিত করা সম্ভব।
তবে এসব পদক্ষেপ নেওয়ার পরও পারস্পরিক বন্ধু, গ্রুপসহ অন্যান্য তথ্যের ভিত্তিতে ফেসবুক ফ্রেন্ড সাজেশন দেখাতে পারে। তাই সম্পূর্ণভাবে ফ্রেন্ড সাজেশন বন্ধ না হলেও ব্যক্তিগত তথ্যের ব্যবহার ও প্রোফাইলের দৃশ্যমানতা নিয়ন্ত্রণে এসব সেটিংস কার্যকর ভূমিকা রাখতে পারে।
Comments