নড়াইলে দুই নেতা হত্যার জেরে অর্ধশত বাড়িতে হামলা ও লুটপাট
নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলায় দুই নেতার মৃত্যুর ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় পরিস্থিতি। এ ঘটনার জেরে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ অন্তত ৫০টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার বেন্দারচর এলাকায় এসব ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য অনুযায়ী, দুই নেতার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ লোকজন এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নৈরাজ্য প্রতিরোধের দাবিতে কালিয়া উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কর্মসূচির অংশ হিসেবে মোটরসাইকেলের বহরটি বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে সেখানে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির বাড়িসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্তত অর্ধশত বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, বিএনপির দুই নেতা হত্যার ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। শুক্রবার রাতে বিক্ষুব্ধ লোকজন কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলেও জানান তিনি।
Comments