৫ মাস পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৫১ বস্তা টাকা
প্রায় পাঁচ মাস পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। এবার দানবাক্সগুলো থেকে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। দানের পরিমাণের হিসাবে এটি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টার দিকে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলোর তালা খোলা হয়।
পরে সকাল সাড়ে ৯টায় আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, এবার দানবাক্স থেকে মোট ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সাধারণত প্রতি তিন থেকে চার মাস অন্তর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়ে থাকে। প্রতিবারই বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী পাওয়া যায়। এবারও দানের পরিমাণ আগের সব রেকর্ড অতিক্রম করেছে। বর্তমানে সংগৃহীত অর্থ গণনার কাজ চলছে। গণনা শেষ হলে মোট টাকার পরিমাণ জানা যাবে।
টাকা গণনার কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে গত ২৭ জুন সর্বশেষ পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। তখন ১৩টি সিন্দুক থেকে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে দেশি মুদ্রায় মোট ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। পাশাপাশি মিলেছিল বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণালংকার ও নানা ধরনের মূল্যবান সামগ্রী।
কিশোরগঞ্জের পাগলা মসজিদ ধর্মীয় গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের কাছেও পরিচিত একটি আধ্যাত্মিক স্থান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এখানে আন্তরিকভাবে দান করলে মানুষের মনোবাসনা পূরণ হয়। এ কারণে রোগমুক্তি, সন্তান লাভ, উচ্চশিক্ষাসহ নানা প্রত্যাশা নিয়ে মানুষ এখানে মানত করেন। নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালংকার, হাঁস-মুরগি, গবাদিপশু ও বিভিন্ন সামগ্রীও দান করেন অনেকে।
স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, বহু বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীতে মাদুরে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকায় আশ্রয় নেন। সময়ের সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ভক্ত ও অনুসারীদের সমাগম বাড়তে থাকে। তার মৃত্যুর পর কবরের পাশে নির্মিত হয় একটি মসজিদ। পরবর্তী সময়ে সেটিই পাগলা মসজিদ নামে পরিচিতি পায়।
প্রায় আড়াইশ বছরের ঐতিহ্যবাহী এই মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে অবস্থিত। তিন একর ৮৮ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত মসজিদটি ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্ফ এস্টেটের অধীনে পরিচালিত হয়ে আসছে।
Comments