বিশ্বদরবারে আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাব অর্জনকারীরা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তবে এসব খেতাবের বাইরেও স্বাধীনতার জন্য লড়াই করে বিজয় অর্জনের গৌরব অত্যন্ত বিরল। আর সেই অসামান্য গৌরবের অধিকারী বীর মুক্তিযোদ্ধারা জাতির কাছে অনন্য ও অসাধারণ ব্যক্তিত্ব।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের অনেকেই সরাসরি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। আবার কারও পরিবারের সদস্যরা দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সবাই মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের অংশীদার। তাঁদের প্রতি তিনি আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জানান।
তিনি আরও বলেন, লাখো মানুষের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানি এবং বহু মানুষের আহত ও পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। সশস্ত্র বাহিনী দিবসের এই ঐতিহাসিক মুহূর্তে তিনি মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি আহত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
নিজের অনুভূতি প্রকাশ করে তারেক রহমান বলেন, এ ধরনের আয়োজনে উপস্থিত হতে পেরে তিনি নিজেও গর্বিত। কারণ, তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো অর্জন এবং গৌরব তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। এটি দেশের সশস্ত্র বাহিনীর জন্যও গৌরবের বিষয়।
তিনি বলেন, বিএনপি সরকারে থাকাকালে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতেও মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশকে বিশ্বদরবারে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
Comments