২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রমজান শুরু হতে পারে। আর ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে ১০ মার্চ, বুধবার।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ সম্ভাব্য তারিখের কথা জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলোর হিসাবের ভিত্তিতে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে রমজান ও ঈদ শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখার ওপর।
হিজরি বর্ষপঞ্জি চন্দ্রনির্ভর হওয়ায় প্রতিবছর ইংরেজি ক্যালেন্ডারে রমজান মাস প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সে হিসাবে ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালে প্রায় ১০ থেকে ১১ দিন আগে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। সেক্ষেত্রে ওই রাতেই আদায় করা হবে প্রথম তারাবির নামাজ। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে রোজা। তবে চাঁদ দেখা না গেলে রমজান শুরুর তারিখ পরিবর্তিত হতে পারে।
সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতরের তারিখ নির্ধারিত হয়। প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ বুধবার পবিত্র ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইসলামি বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। রমজান মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ধূমপান থেকে বিরত থেকে রোজা পালন করেন।
এ মাসে ইবাদত-বন্দেগি, নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, দান-সদকা এবং আত্মশুদ্ধির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
Comments